একসময় শিল্প-সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত ছিল রূপসা পাড়ের খুলনা। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই অঞ্চলের। পাটকল, নিউজপ্রিন্ট মিল, জাহাজ নির্মাণসহ নানা শিল্পপ্রতিষ্ঠানের কর্মচাঞ্চল্যে মুখর ছিল খুলনার জনপদ। কিন্তু সময়ের পরিক্রমায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে, থমকে গেছে উৎপাদনের চাকা, সংকুচিত হয়েছে কর্মসংস্থানের সুযোগ। শিল্পনগরীর সেই সুদিন আজ অনেকটাই অতীত।
কেন এই পতন? কীভাবে হারিয়ে গেল শিল্পের গৌরব? কী অবস্থায় আছে বন্ধ ও চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো? সম্ভাবনার নতুন দুয়ার কোথায়? ঐতিহ্য, সংকট, সম্ভাবনা ও মানুষের জীবন-জীবিকার গল্প নিয়ে ঢাকা মেইলের বিশেষ ধারাবাহিক আয়োজন ‘রূপসা পাড়ের খুলনা।’
রূপসা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দাদা ম্যাচ ফ্যাক্টরির সকাল একসময় শুরু হতো শ্রমিকদের কর্মচাঞ্চল্যে। কারখানার সাইরেনের শব্দে মুখর হয়ে উঠত আশপাশের এলাকা। হাজারো শ্রমিকের পদচারণা, উৎপাদনযন্ত্রের অবিরাম শব্দ আর পণ্য পরিবহনের ব্যস্ততায় প্রাণচাঞ্চল্য থাকত পুরো শিল্পাঞ্চলে।
সপ্তাহ শেষে বেতন পাওয়ার দিনটি ছিল শ্রমিক পরিবারগুলোর কাছে বিশেষ আনন্দের। কেউ বাড়িতে ভালো খাবারের আয়োজন করতেন, কেউ পরিবারের জন্য বাজার-সদাই করতেন। আবার কেউ সন্তানের জন্য কিনতেন নতুন পোশাক কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র।
সময়ের ব্যবধানে সেই কর্মচঞ্চল শিল্পপ্রতিষ্ঠানের চিত্র বদলে গেছে। একসময়ের ব্যস্ত কারখানাটি এখন নীরব, পরিত্যক্ত। শ্রমিকদের পদচারণা আর যন্ত্রের শব্দের জায়গা দখল করেছে আগাছা, ভাঙাচোরা স্থাপনা ও হারিয়ে যাওয়া যন্ত্রপাতি। সম্ভাবনাময় এই শিল্পপ্রতিষ্ঠানের ভবিষ্যৎ কী, সেই প্রশ্নেরও এখনো মেলেনি উত্তর।
হাজারো মানুষের জীবিকার ঠিকানা ছিল দাদা ম্যাচ
খুলনার রূপসা শিল্পাঞ্চলে প্রায় ১৭ দশমিক ৭৯ একর জমির ওপর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় দাদা ম্যাচ ফ্যাক্টরি। সুন্দরবনের গেওয়া কাঠ ছিল দেশলাই তৈরির প্রধান কাঁচামাল। কারখানাটির দৈনিক উৎপাদনক্ষমতা ছিল প্রায় ১২ হাজার ৫০০ গ্রস দেশলাই। একসময় এখানে প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন। দেশলাই উৎপাদনের পাশাপাশি কাঠ সরবরাহ, পরিবহন, প্যাকেজিং, মেরামত ও বিভিন্ন সহযোগী ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হয়েছিল আশপাশের এলাকায়। স্থানীয় অর্থনীতি ও শ্রমিক পরিবারের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল প্রতিষ্ঠানটি।
জাতীয়করণ থেকে বেসরকারিকরণে বদলে যায় মালিকানা
১৯৭৩ সালে কারখানাটি জাতীয়করণ করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে নেওয়া হয়। সে সময় প্রতিষ্ঠানটি বছরে প্রায় পাঁচ কোটি টাকা আয় করত। পরে ১৯৮৪ সালে বেসরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড গঠিত হয়। ঢাকা ম্যাচ ও দাদা ম্যাচ এ প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হতো।
কোম্পানির ৬০ শতাংশ শেয়ার একটি সুইডিশ কোম্পানি এবং ১০ শতাংশ একটি সুইডিশ ফান্ডের কাছে বিক্রি করা হয়। সরকারের হাতে থাকে ৩০ শতাংশ শেয়ার। ১৯৮৯ সালে সুইডিশ কোম্পানি তাদের শেয়ার ভাইয়া গ্রুপের কাছে বিক্রি করে। ১৯৯৩ সালের শেষ দিকে দাদা ম্যাচ ফ্যাক্টরি ভাইয়া গ্রুপকে ইজারা দেওয়া হয়।
ইজারার পর আর্থিক সংকটে বাড়েনি উৎপাদন, বাড়ে ঋণের বোঝা
বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার পর কারখানাটির উৎপাদন ও আর্থিক অবস্থার ধারাবাহিক অবনতি ঘটে। কারখানা কর্তৃপক্ষের ভাষ্য ছিল, আর্থিক সংকটের কারণে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। অভিযোগ ছিল, বিভিন্ন সময়ে বিপুল অঙ্কের ব্যাংক ঋণ নেওয়া হলেও উৎপাদন বাড়েনি। প্রায় ২০ বছরে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ২৬৩ কোটি টাকা।
উৎপাদন বন্ধ ও শ্রমিক ছাঁটাই
২০১০ সালের ১ ফেব্রুয়ারি কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। একই বছরের ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করে শ্রমিক-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। সে সময় সেখানে প্রায় ৪০০ স্থায়ী ও এক হাজার অস্থায়ী শ্রমিক কর্মরত ছিলেন।
শ্রমিক নেতাদের অভিযোগ, কোনো ধরনের কার্যকর আলোচনা ছাড়াই কারখানা বন্ধ করা হয়। তাদের দাবি, প্রায় ১০ মাসের ৭০ লাখ টাকা বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বাবদ আরও প্রায় পাঁচ কোটি টাকা বকেয়া ছিল।
অনিশ্চয়তায় হাজারো পরিবার
ছোট বয়সে বাবা হারানোর পর সংসারের দায়িত্ব এসে পড়ে আব্দুর রশীদের ওপর। বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে ১৯৮৫ সালে তিনি চলে আসেন খুলনা শহরে। কিছু দিন এ দিক ওদিক কাজ করার পর পরিচিতজনের মাধ্যমে কাজ পান দাদা ম্যাচ ফ্যাক্টরিতে। সেখানে কাজ করেই সংসারের খরচ চালান আব্দুর রশিদ। এভাবে কেটে যায় দীর্ঘ ৩৫ বছর। ২০১০ সালে কারখানা বন্ধের পর কিছু দিন রিকশা চালান ও দিনমজুরির কাজ করেছেন। শহরে খরচ মেটাতে না পেরে গ্রামে পাঠিয়েছেন পরিবারের সদস্যদের। কাজ নিয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ানের। থাকেন কারখানার পাশে ছোট একটি ঝুপড়ি ঘরে।
দীর্ঘদিনের কর্মস্থল হারিয়ে অনেক শ্রমিক বাধ্য হন পেশা পরিবর্তন করতে। কেউ ছোট ব্যবসা, কেউ দিনমজুরি, আবার কেউ অন্য প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ শুরু করেন। একসময় যে কারখানা ছিল তাদের পরিবারের আর্থিক নিরাপত্তার ভিত্তি, সেটিই পরিণত হয় অনিশ্চয়তার কারণ।
সরকারি নিয়ন্ত্রণে সম্পদ: চালুর উদ্যোগ কোথায়?
কারখানা বন্ধের পর সরকারি উদ্যোগে সম্পদ বুঝে নেওয়া হলেও উৎপাদন আর শুরু হয়নি। ২০১১ সালের মার্চে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে খুলনা জেলা প্রশাসন কারখানার স্থাবর-অস্থাবর সম্পদের দায়িত্ব নেয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কারখানা পুনরায় চালুর বিষয়ে বিসিআইসির সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কারখানাটি পুনরায় চালুর কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. রনী খাতুন বলেন, শিল্প মন্ত্রণালয় সম্প্রতি দাদা ম্যাচ ফ্যাক্টরির সরেজমিন প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছিল। ইতোমধ্যে চাহিদা অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
অরক্ষিত কারখানাটিতে বিষাক্ত প্রাণী আর পোকামাকড়ের ঘরবসতি
২০১৯ সালের মার্চ পর্যন্ত পুলিশ কারখানার যন্ত্রাংশ পাহারা দিলেও পরে সেই নিরাপত্তা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে কারখানার ভেতরে শতাধিক মোটর, পাঁচটি অটোমেশিন, ফ্যান ও ম্যানুয়াল মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতির অস্তিত্বের কথা জানা গেলেও পরবর্তী সরেজমিন পর্যবেক্ষণে সেগুলোর অনেক কিছুই পাওয়া যায়নি। কোথাও ফাঁকা গুদাম, কোথাও আগাছায় ঢাকা পরিত্যক্ত স্থাপনা।
হারিয়ে গেছে শ্রমিকদের জীবিকার নিশ্চয়তা
দাদা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিক ও তাদের পরিবার। নিয়মিত বেতনের ওপর নির্ভরশীল পরিবারগুলো হঠাৎ আয় হারিয়ে আর্থিক সংকটে পড়ে। সন্তানের পড়াশোনা, চিকিৎসা, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে অনেককে নতুন পেশায় নামতে হয়েছে।

একসময় সপ্তাহ শেষে বেতন পেয়ে পরিবারের জন্য ভালো খাবার ও বাজার-সদাইয়ের আয়োজন করা শ্রমিকদের অনেকেই এখন জীবিকার তাগিদে ছোটখাটো কাজ করছেন।
দাদা ম্যাচ ফ্যাক্টরি শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান ছিল না; এটি ছিল কয়েক প্রজন্মের শ্রমিক পরিবারের জীবিকা ও স্বপ্নের ঠিকানা। সেই প্রতিষ্ঠানের পতনে কর্মসংস্থান হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় অর্থনীতিও।
প্রতিনিধি/এমআর





