খুলনা মহানগরীর খানজাহান আলী রোডের নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ জন যুবক দুপুর ১টার দিকে খানজাহান আলী রোডের নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশনে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করেই তারা চাইনিজ কুড়াল দিয়ে বিভিন্ন জিনিসের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় সেখানে কর্মরত একজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তাদের হামলায় দুটি এসি, একটি টিভি, সামনের দরজার গ্লাস, রিসিপশন কাউন্টার ভেঙে ফেলে। এ ছাড়া টিভি, ফ্রিজ, এসিও ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে থাকা সিসি ফুটেজ সংগ্রহ করে সকলকে শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর নগরীর বাবুখান রোডের সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রতিনিধি/এএম




