শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৭ বছর পর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম গ্রেফতার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

১৭ বছর পর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম গ্রেফতার

খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিমকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-৬।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার জসিম খুলনার সোনাডাঙ্গা থানার হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। ২০০৯ সালে সোনাডাঙ্গা থানায় দায়ের করা জাহাঙ্গীর হত্যা মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এসআরবি সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর