বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে মৌলভীবাজারে আটক ৮

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে মৌলভীবাজারে আটক ৮
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে আটক ৮ ব্যাক্তিরা।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তাদের মধ্যে ২ জনের বিরুদ্ধে অপর ছয়জনকে ভারতে যেতে সহযোগিতার অভিযোগ রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-৯-এর সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গত ২ নভেম্বর বিকালে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুলাউড়া থানার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।

এই তথ্যের ভিত্তিতে গত ২ নভেম্বর বিকেলে ওই বসতঘরে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. হারিছ আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫) মানব পাচারকারী চক্রের সদস্য।  তারা অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে জানায় এসআরবি-৯।

পরে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তিদের কাছে ভারতে যাওয়ার কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।

আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সঞ্জরপুর এলাকার মো. হারিছ আলী (৩৫) এবং মো. আবুল আলী (৪৫)।

এ ছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর এলাকার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), ধিরাই এলাকার কামরুল মোল্যা (৪৬), ভুলবাড়িয়া এলাকার ইয়ামিন মোল্যা (৪৫) ও সুখলাল বিশ্বাস (৪১) এবং সদর উপজেলার মালিবাতা এলাকার মো. জিহাদ সরদার (৪০)।

এসআরবি-৯ জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও মানব পাচারের চেষ্টার অভিযোগে ‘দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পরে আটক আটজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর