শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ নিয়নের মরদেহ ৩ দিন পর উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ নিয়নের মরদেহ ৩ দিন পর উদ্ধার
আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিয়ন হুদার (৪০) মরদেহ উদ্ধার

গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিয়ন হুদা (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে একই এলাকায় ঘাঘট নদীতে আরও তিনজনের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন নিয়ন। তার সঙ্গে থাকা তিনজন নিরাপদে তীরে ফিরে এলেও তিনি আর ফিরতে পারেননি।

নিহত নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান নিয়ন। পরদিন বৃহস্পতিবার দুপুরে আত্মীয়স্বজনসহ চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনজন নদীর তীরে উঠে এলেও নিয়ন পানিতে নিখোঁজ হন। পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীর তীরে ভিড় করেন। খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে নিখোঁজ ব্যক্তির সন্ধানে রংপুরের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।

নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নিয়ন। সেখানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে ছিলেন।

এদিকে নিখোঁজের তিন দিন পর শনিবার বিকেলে নদী থেকে নিয়নের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। তার মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, নিখোঁজের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধার অভিযানের জন্য রংপুরের ডুবুরি দলকে সঙ্গে নিয়ে নিয়নের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর