বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

চারজন গোসলে নেমেছিলেন ঘাঘট নদীতে, তিনজন ফিরলেও নিখোঁজ এক

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

চারজন গোসলে নেমেছিলেন ঘাঘট নদীতে, তিনজন ফিরলেও নিখোঁজ এক

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন নিয়ন হুদা (৪০) নামের এক ব্যক্তি। তার সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিলেন আরও তিনজন। তারা তীরে ফিরে এলেও নিখোঁজ রয়েছেন নিয়ন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিয়নের স্বজন মনিরুল হক সজিব জানান, দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসেছিলেন নিয়ন। বুধবার তিনি বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াত খেতে যান। পরদিন দুপুরে চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন তীরে উঠে এলেও নিয়ন আর ফিরে আসেননি। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে উদ্ধারকাজে সহায়তার জন্য রংপুর থেকে ডুবুরি দল পাঠানোর অনুরোধ জানানো হয়।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে রংপুরের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান চালানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর