শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছরের মো. নাফিস ও ছয় বছরের রাহাত হাসান নামে দুই শিশু মারা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে বাড়ির পেছনের পুকুরে ডুবে নাফিস নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। নাফিস ওই গ্রামের রিপন মিয়া ও নুরুন্নাহার দম্পতির একমাত্র ছেলে ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে খাবার খাওয়ার পর নাফিসকে তার মা বাবার দোকানে পাঠান। কিছুক্ষণ পর বাবা তাকে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু নাফিস বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা উদ্ধার করেন। পরে তাকে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক কৌশিক দাস মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, দুপুর পৌনে ১২টার দিকে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাঁদাপাড়া গ্রামে বাড়ির সামনের পুকুরে পরিবারের সদস্যদের অগোচরে গোসল করতে নামে রাহাত হাসান। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহাত ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর