শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

Bazrapat
সারাদেশে বজ্রপাতে ১১ জন নিহত হয়েছে। -প্রতীকী ছবি

দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

এর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে। সেখানে চার উপজেলায় পাঁচজন মারা যান। তাদের অধিকাংশই শনিবার দুপুরে হাওরে ধান কাটার সময় প্রাণ হারান। এ ছাড়া ময়মনসিংহ ও রংপুরে দুজন করে এবং নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


সুনামগঞ্জে পাঁচ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কাজ করার সময় বজ্রপাতে পাঁচজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও চারজন। শনিবার বেলা সাড়ে ১২টায় জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশার টগার হাওর, দিরাইয়ের কালিয়াগোটা হাওর এবং তাহিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান।

নিহতরা হলেন- জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের নুরুজ্জামান, ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান, একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতিপুর গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ (২৩), দিরাই উপজেলার কৃষক লিটন মিয়া এবং তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮)।


বিজ্ঞাপন


ময়মনসিংহে দুজনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০) এবং গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের প্রয়াত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, রহমত আলী মুদি দোকানি। দুপুরে বোন জামাইয়ের ধানক্ষেত দেখতে পূর্ব কোনাপাড়া গ্রামে যান তিনি। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান উজ্জ্বল।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রংপুরে মাছ ধরার সময় দুজনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রামেশ্বরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকার মিলন মিয়া (৩৫) এবং সখিপুর গ্রামের আবু তালেব (৬৫)।

সখিপুর গ্রামের রমজান আলী জানান, গ্রামের তানজিমুল ইসলাম গোল্ডেনের একটি পুকুরে মাছ ধরার কাজ চলছিল। এ সময় কয়েকজন মাছ ধরছিলেন, আর কয়েকজন পাড়ের একটি টং ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার চেষ্টা করা হবে।

নেত্রকোণায় ঘাস কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

নেত্রকোণার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওরে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। নিহত আলতু মিয়া (৬৫) একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, ‘দুপুর ১টার দিকে মেষির হাওরে গরুর জন্য ঘাস কাটছিলেন আলতু মিয়া। এ সময় আকাশ অন্ধকার করে বৃষ্টিসহ বজ্রপাত হয়। বজ্রপাতের পর স্থানীয়রা হাওরে গিয়ে আলতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন।’

আটপাড়ার ইউএনও মো. শাহানুর রহমান বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।’

কিশোরগঞ্জে ধান কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক মারা গেছেন। করিমগঞ্জ থানার ওসি এমরানুল করিম বলেন, শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া (৩৮) উপজেলার কলাবাতা গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, নিহত সুনাম উদ্দিন (৬০) উপজেলার রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, সকালে তিনি হাওরে ধান কাটতে যান। দুপুরে বজ্রপাতে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর