লক্ষ্মীপুরে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ ফসলের মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) পূর্ব চরমনসা গ্রামের একটি ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পরিবারের দাবি, পাওনা টাকা দেবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। সকালে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে।
নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি। হত্যাকারীরা তার ডান চোখ উপড়ে ফেলে।
ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন ভোরবেলা ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি খেতে তার মরদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিজ্ঞাপন
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস




