Dhaka Mail Logo

অন্যান্য

ক্রীড়াঙ্গনের আলোচিত কিছু ঘটনা

স্পোর্টস ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২২, ০৮:৩৮ পিএম

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর। দরজায় কড়া নাড়ছে ২০২৩। ক্রীড়াঙ্গনের জন্য ২০২২ সাল ছিল একের পর এক চমক ও ঘটনায় ঠাসা। বছরের শেষভাগে এসে ফুটবলের বিশ্বসেরার খেতাব উঠল ফুটবলের বরপুত্র আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির হাতে। ঠিক তেমনি বছরের সায়াহ্নে এসে ফুটবল সম্রাট ‘পেলে’ চলে গেলেন না ফেরার দেশে। এমন অজস্র প্রাপ্তি আর হারানোর কিছু বিষাদময় স্মৃতি রেখে যাচ্ছে ২০২২ সাল।

জেনে নেওয়া যাক ২০২২ সালে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনা।

শেন ওয়ার্নের মৃত্যু

মার্চে থাইল্যান্ডের একটি বিলাসবহুল অবকাশ কেন্দ্রে মৃত্যু হয় সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। ৫২ বছর বয়সী এই অজি ক্রিকেটার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে ৭০৮ উইকেট পেয়েছেন এই বোলার। এরপর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ধারাভাষ্যকার হিসেবে নতুন জীবন শুরু করেছিলেন ওয়ার্ন।

আরও পড়ুন- ‘অলরাউন্ডার’ পেলে!

জোকোভিচের নির্বাসন

কোভিড-১৯ ভ্যাকসিন দিতে অস্বীকৃতি জানানোয় গত জানুয়ারিতে মেলবোর্নে গিয়েও অস্ট্রেলিয়ান ওপেনে নামা হয়নি নোভাক জোকোভিচের। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, ভ্যাকসিন না নিয়ে কোনো বিদেশি খেলোয়াড় দেশটিতে প্রবেশ করতে পারবে না।

তাই এই সার্বিয়ান তারকা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। সেই সময় বিশ্বের একনম্বর টেনিস খেলোয়াড় ছিলেন জোকার।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর সামরিক আগ্রাসনের কারণে রাশিয়া ও বেলারুশের ওপর ক্রীড়া ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়।

রাশিয়াকে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব থেকেও নিষিদ্ধ করা হয়। অন্যদিকে অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাদের কোনো খেলোয়াড়কে অংশ নিতে দেয়া হয়নি।

ফেদেরার ও সেরেনার বিদায়

এই বছরেই টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। দীর্ঘদিনের হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে না পারায় ৪১ বছর বয়সী ফেদেরার সেপ্টেম্বরে টেনিস থেকে বিদায়ের সিদ্ধান্ত জানান।

আরও পড়ুন- যে কারণে আল নাসেরে যোগ দিলেন রোনালদো

অন্যদিকে ইউএস ওপেনে খেলতে আসা সেরেনা উইলিয়ামস ‘অবসর’ শব্দটি বলতে অস্বীকৃতি জানান। ৪১ বছর বয়সী এই মার্কিন তারকা জানান, আপাতত তিনি টেনিস থেকে দূরে চলে যাচ্ছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা টানা ৩১৯ সপ্তাহ র‌্যাংকিংয়ের এক নম্বরে ছিলেন।

ডোপ কেলেঙ্কারি

শীতকালীন অলিম্পিকে ডোপ কেলেঙ্কারি ইস্যুতে আলোচনায় ছিলেন ১৬ বছর বয়সী রাশিয়ান অ্যাথলেট কামিলা ভালেইভা। এই রাশিয়ান কোয়াড্রাপল জাম্প ইভেন্টে দেশের হয়ে দলীয় স্বর্ণপদক জয় করেন। তবে নিষিদ্ধ ওষুধ ট্রিমেটাজিদিনে সেবনের দায়ে ডোপ টেস্টে ধরা পড়েন তিনি। কিন্তু বয়স কম হওয়ায় ডোপিং অভিযোগ মাথায় নিয়েই তিনি গেমসে অংশ নেন।

এফএইচ