Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

শেষ মুহূর্তের গোলে সাফের স্বপ্নভঙ্গ হামজাদের

স্পোর্টস ডেস্ক

১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

সেমিফাইনালের নব্বই মিনিটের খেলা প্রায় শেষ। ম্যাচের মাত্র পাঁচ মিনিট বাকী। তখনও গোলশূন্য সমতায় বাংলাদেশ ও পাকিস্তান।

কিন্তু তখনই ঘটে বিপত্তি। ৮৫ মিনিটে আব্দুল সামাদের দুর্দান্ত এক শটে এগিয়ে যায় পাকিস্তান। সেই ধাক্কা আর সামলানো যায়নি। যোগ হওয়া অতিরিক্ত সময়েও গোল শোধ করতে না পাড়ায় ভেঙে যায় হামজাদের ফাইনাল খেলার স্বপ্ন। ফলে ২১ বছর পর ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলেছে। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে আক্রমণগুলোকে গোলে রূপ দিতে পারেনি স্বাগতিকেরা। দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।

প্রথমার্ধে বাংলাদেশের হয়ে গোলের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন রাকিব হোসেন। শমিত সোমের হেড থেকে বল পেয়ে তার জোরালো শট প্রথমে ঠেকান পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি বলও জালে পাঠাতে পারেননি রাকিব, সেটি পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে পাকিস্তানের আব্দুস সামাদের একটি শটও পোস্টে লেগে ফিরে এসেছিল।

বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। বাংলাদেশ বলের দখল ধরে রাখলেও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ৫৬ মিনিটে বাংলাদেশের বলের দখল ছিল ৬৯ শতাংশ, পাকিস্তানের ৩১ শতাংশ। কিন্তু সেই আধিপত্য থেকে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন হামজারা।

সময় গড়ানোর সঙ্গে দুই দলই আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে। ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল পাকিস্তান। আদিল নবীর নেওয়া শটটি দেয়াল পেরিয়ে লক্ষ্যে থাকলেও তা ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ৮৫ মিনিটে আব্দুল সামাদের শট আটকাতে পারেননি শ্রাবণ। নিচু কোণে নেওয়া শক্তিশালী শটে জাল খুঁজে নেন পাকিস্তানি ফরোয়ার্ড। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।

শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে এক গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। শিরোপার লড়াইয়ে এবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

এএম