Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

‘খ্যাতি পেয়েই পরিশ্রম কমিয়ে দেন ক্রিকেটাররা’

স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম

খ্যাতি আর পরিচিতি পাওয়ার পর যেসকল ক্রিকেটার কঠোর পরিশ্রম করা ছেড়ে দেন, তাদের চরম পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, একটানা কঠোর পরিশ্রম ছাড়া ক্রিকেটের মতো খেলায় টিকে থাকা অসম্ভব। পর্যাপ্ত প্রতিভা থাকা সত্ত্বেও অলসতার কারণে দেশটির বেশ কিছু সম্ভাবনাময় খেলোয়াড়ের ক্যারিয়ার অকালে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

লাহোর কালান্দার্স আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাকভি এক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।

নাকভি স্পষ্ট করে বলেন, ‘আমি অনেক ক্রিকেটারকে দেখেছি যারা একটু খ্যাতি পেতেই তাদের কঠোর পরিশ্রম করা ছেড়ে দেয়। এটি এমন একটি খেলা যেখানে আপনাকে অবিরাম কাজ করতে হবে। আর আপনার খুব ভালো খেলোয়াড়রা দলে এসে নষ্ট হয়ে যায়।’

আরও পড়ুন-৩০০ বল ব্যাট করতে পারে না বাংলাদেশ!

আরও পড়ুন-২০২৭ বিশ্বকাপের আগে কোন পথে বাংলাদেশ?

মহসিন নাকভি আরও প্রশ্ন তোলেন যে, ২৪ কোটিরও বেশি জনসংখ্যার একটি দেশ থেকে মাত্র ১৪ জন সেরা খেলোয়াড় বাছাই করার পর যদি তাদের জাতীয় দলে এসেও বেসিক বা মৌলিক বিষয়গুলো শেখাতে হয়, তবে সেই সিলেকশনের আসল অর্থ কী?

'আমরা নিজেরাও এর মুখোমুখি হয়েছি। জাতীয় দলে এসে আমরা তাদের শেখাচ্ছি। কোচরা আমাকে বলতেন যে আমরা তাদের এই শেখাচ্ছি, সেই শেখাচ্ছি। আপনারা ২৪ কোটি মানুষের একটি জাতি। সেখান থেকে ১৪ জন বেছে নিয়ে যদি তাদেরও সব শেখাতে হয়, তবে লাভ কী?’

তবে এর সব দায় খেলোয়াড়দের ঘাড়েই চাপাননি পিসিবি প্রধান। তিনি স্বীকার করেন যে অতীতে পিসিবির নিজেদেরও কিছু ভুল ছিল এবং বোর্ড এখন সেই ভুলগুলো শুধরে নিয়ে সামনের দিকে এগোচ্ছে।

আরও পড়ুন-বিয়ে করছেন সানরাইজার্স হায়দরাবাদের আলোচিত সিইও কাব্যা মারান, পাত্র কে?

আরও পড়ুন- পরকীয়ার জেরে স্ত্রীকে খুন, শেষ পর্যন্ত ফাঁসি হয় যে ক্রিকেটারের

পিসিবি প্রধান বলেন, ‘এগুলো আমাদের ভুল ছিল। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এগুলো আমাদের নিজেদের ভুল ছিল। আমরা নিজেদের সংশোধন করেছি। আর আমরা এটি চালিয়ে যাব।’

দেশের ক্রিকেটের আসল ভিত্তি মজবুত করতে একা বোর্ডের পক্ষে সব করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নাকভি। এর জন্য ফ্র্যাঞ্চাইজি এবং আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর সম্মিলিত প্রচেষ্টা জরুরি। বিশেষ করে তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে শক্তিশালী করতে স্কুল ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহসিন নাকভি বলেন, ‘উদীয়মান খেলোয়াড়দের খুঁজে বের করতে, প্রশিক্ষণ দিতে এবং প্রস্তুত করতে আমাদের ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর সাথে একযোগে কাজ করতে হবে। বোর্ড তার স্কুল ক্রিকেট কর্মসূচির পরবর্তী সংস্করণে ৩,০০০ শিশুকে যুক্ত করার পরিকল্পনা করেছে, এবং আগামী ছয় মাসের মধ্যে যুব খেলোয়াড়দের আরেকটি ব্যাচ প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।’

মহসিন নাকভি বোর্ডের এই নতুন পরিবর্তনের হাওয়া লেগেছে দল নির্বাচনেও। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে বড় রদবদল আনা হয়েছে, যেখানে প্রায় ৮০ শতাংশ নতুন মুখ সুযোগ পেয়েছেন। ১৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে তিন আনক্যাপড ব্যাটার সমীর মিনহাস, মোহাম্মদ তাহা এবং মোহাম্মদ সুলেমান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।বাদ পড়েছেন সাবেক অধিনায়ক শান মাসুদ। অধিনায়কত্ব তারকা ব্যাটার বাবর আজমের কাঁধেই টেস্ট দলের নেতৃত্ব বহাল রাখা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি আগামী ৯ থেকে ২১ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে। দল ঘোষণার পর জানানো হয়, ইসলামাবাদে আগামী ৪-৬ নভেম্বর অনুষ্ঠিতব্য তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষে স্কোয়াডে আরও দুজন পেসার যুক্ত করা হবে।