মাঠের ক্রিকেটে চেন্নাই সুপার কিংস (সিএসকে) আর সানরাইজার্স হায়দরাবাদ; দুটি দলই একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার আইপিএলের এই সীমানা পেরিয়ে মাঠের বাইরে এক অনন্য সম্পর্কে জড়াতে যাচ্ছেন দুই ফ্র্যাঞ্চাইজির দুই পরিচিত মুখ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের বিয়ে নিয়ে চারদিকে এখন জোর চর্চা।
গত বছরের জুনে ইন্টারনেট দুনিয়া তথা রেডিটে একটি পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই এই জুটির প্রেমের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সে সময় দাবি করা হয়েছিল, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন অনিরুদ্ধ ও কাব্য। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এই জুটিকে একসঙ্গে ডিনারে দেখা যাওয়ার পর গুঞ্জন আরও জোরালো হয়। যদিও সে সময় অনিরুদ্ধ বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে সম্প্রতি অনিরুদ্ধের চাচা ও বর্ষীয়ান অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তাদের বিয়ের বিষয়টি এক প্রকার নিশ্চিত করেন।
এই গুঞ্জন যে নিছক গুজব নয়, তার প্রমাণ মিলেছে সম্প্রতি। ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্টের মাধ্যমে তাদের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে সামনে আসে।
পোস্টে জানানো হয়, সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরি মারান জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাকে মেয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের সূত্র ধরেই জানা যায়, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে ও এনডিটিভির মতো প্রথম সারির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ নভেম্বর গ্রিসের মাটিতে বসতে পারে তাদের বিয়ের মূল আসর। যদিও এই বিষয়ে এখনও পরিবারগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যৌথ বিবৃতি দেওয়া হয়নি।
সংগীতের জাদুকর অনিরুদ্ধ রবিচন্দর সবসময়ই চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনির পাঁড় ভক্ত। সিএসকের প্রায় প্রতিটি হোম ম্যাচেই তার সুরের মূর্ছনা স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে রাখে। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের মালিক কালানিধি মারানের কন্যা কাব্য মারান আইপিএলের গ্যালারিতে নিজের আবেগঘন অভিব্যক্তি ও দলের প্রতি সমর্থনের জন্য নিয়মিতই খবরের শিরোনাম হন। ক্রিকেটের মাঠে দুই দলের লড়াই জমজমাট হলেও, এই দুই তারকার ব্যক্তিগত জীবন এখন এক সুতোয় বাঁধা পড়তে চলেছে।




