স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম
নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে লাল বলের সিরিজ হারের ক্ষত এখনো শুকায়নি ইংল্যান্ডের। সেই ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে আজ। কাল লিডসের হেডিংলি মাঠে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে সফরকারী পাকিস্তানের।
বেন স্টোকসের যুগ শেষ হওয়ার পর জো রুটের হাতে এসেছে অধিনায়কত্বের দায়িত্ব। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজই তার নতুন নেতৃত্বের প্রথম বড় পরীক্ষা। অ্যাশেজের পর প্রথমবার স্কোয়াডে ফিরেছেন ওলি পোপ ও ব্রাইডন কার্স। তবে হাঁটুর চোটের কারণে জেকব বেথেল দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় তিন নম্বরে ব্যাট করবেন উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স। দুই বছর পর লাল বলের দলে সুযোগ পেয়েছেন ড্যানিয়েল লরেন্সও।
আরও পড়ুন- ইংল্যান্ডে তিন দশকের আক্ষেপ ঘোচানোর অভিযানে পাকিস্তান
আরও পড়ুন-প্রথম টেস্টে নেই বাবর আজম, নেতৃত্বে সালমান আগা
অন্যদিকে পাকিস্তান দলকে শুরুতেই ধাক্কা খেতে হয়েছে। হাতের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না বাবর আজম। গত সপ্তাহে বেকেনহামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই চোট পান তিনি। বাবরের অনুপস্থিতিতে হেডিংলিতে দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা।
চলতি মাসের শুরুতে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচে সাত উইকেটের জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে এশিয়ার এই দল।
ইংল্যান্ড ঘরের মাঠে হারের পর নতুন করে শুরু করতে চায়। পাকিস্তানও বাবর ছাড়াই শক্তিশালী চেহারা নিয়ে আসছে। হেডিংলির এই লড়াই তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।