images

স্পোর্টস / ফুটবল

মরক্কোর বিপক্ষে কি নেইমার আজ ব্রাজিলের একাদশে থাকবেন?

স্পোর্টস ডেস্ক

১৩ জুন ২০২৬, ০১:০৬ পিএম

আজ শনিবার (১৩ জুন) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ মিশন। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য এলো এক বড় দুঃসংবাদ। ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের সবচেয়ে বড় তারকা ও পোস্টার বয় নেইমার জুনিয়র। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বেশ কিছুদিন ধরেই ‘কাফ ইনজুরি’ (পায়ের পেশির চোট)-তে ভুগছেন এবং এখনও দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করতে পারেননি।

আরও পড়ুন- গ্রুপ পর্ব পেরোলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে যে দল

আরও পড়ুন- গ্রুপ পর্ব পেরোলেই বিশ্বকাপে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র

কোচ আনচেলত্তি জানিয়েছেন, সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা নেইমার আগামী সপ্তাহ থেকে দলের সাথে পুরোদমে অনুশীলন শুরু করতে পারেন। যার অর্থ দাঁড়ায়, আগামী ২০ জুন হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচেও নেইমারের খেলা নিয়ে তীব্র সংশয় রয়েছে। ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৪ জুন, স্কটল্যান্ডের বিরুদ্ধে।

“নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা ও আগামী সপ্তাহে দলের সাথে যোগ দেবে। আমরা যখন নেইমারকে স্কোয়াডে ডাকি, তা কেবল তাঁর অনবদ্য টেকনিক্যাল কোয়ালিটির জন্য নয়; বরং তাঁর বিশাল অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের সামনে ও যে উদাহরণ তৈরি করতে পারে- সেটার জন্যও ও অপরিহার্য।”

২০২৩ সালের পর থেকে মারাত্মক সব ইনজুরির কারণে ব্রাজিলের জার্সিতে প্রায় ৩ বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। এমনকি টটেনহ্যামের রিচার্লিসন কিংবা চেলসির জোয়াও পেদ্রোর মতো ফর্মে থাকা ফরোয়ার্ডদের বাদ দিয়ে যখন নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়, তখন অনেকেই চমকে গিয়েছিলেন। তবে তাঁর ওপর কোচের আস্থা যে শতভাগ, তা আনচেলত্তির কথাতেই স্পষ্ট।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে ১২৮ ম্যাচে ৭৯ গোল নিয়ে কিংবদন্তি পেলেকে (৭৭ গোল) ছাড়িয়ে নেইমারই বর্তমানে সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের পর এটি নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।