দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ- ২০২৬। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফার এই টুর্নামেন্ট আজ রাতে মাঠে গড়াবে। বিশ্বজুড়ে ফুটবল পাগল সমর্থকরা এক মাসেরও বেশি সময় ধরে মেতে থাকবে উন্মাদনায়। এবারের আসর দিয়েই আরও একবার হেক্সা মিশনে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা ২০০২ সালের পর আর সোনালি ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পায়নি। অধরা সেই স্বপ্নের খোজেই এবার কার্লো আনচেলত্তির অধীনে মাঠে নামছেন নেইমার জুনিয়র-ভিনিসিয়ুসরা।
বরাবরের মত ব্রাজিলের এবারের বিশ্বকাপ দলটাও তারকায় ঠাঁসা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সম্ভাব্য শক্তিশালী দলই গড়েছেন ইতালিয়ান ডন আনচেলত্তি। তবে বিশ্বকাপের মঞ্চে নির্দিষ্ট ম্যাচে সেলেসাও ফুটবলাররা জ্বলে ওঠতে না পারলে যে কোনো মুহূর্তে পা হড়কাতে পারে। তাতে আরও একবার ভেস্তে যাবে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন। তবে ব্রাজিলিয়ান সমর্থকরা এবারও আশায় বুক বাধছেন, প্রতিপক্ষ যত শক্তিশালিই হোক না কেনো, হেক্সা মিশন এবার সফল হবে।
বিজ্ঞাপন
হেক্সা মিশন সফল করার পথে গ্রুপ পর্ব পেরোলে রাউন্ড অব-৩২ এ কোন দল হতে পারে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ তা চলুন জেনে নেওয়া যাক-
এবারের বিশ্বকাপে ব্রাজিল খেলবে গ্রুপ 'সি' তে। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আরও আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। কাগজে-কলমে মরক্কোই সেলেসাওদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হলেও স্কটল্যান্ড এবারের বিশ্বকাপে খেলবে ডার্ক হর্স হিসেবেই। তাই সেই ম্যাচেও জিততে ঘাম ঝড়াতে হতে পারে পারে আনচেলত্তির শিষ্যদের। গ্রুপ পর্ব পেরিয়ে ব্রাজিল পরের রাউন্ড নিশ্চিত করতে পারলে কোন দল হবে সেলেসাওদের প্রতিপক্ষ তা জানতে কিছুটা হিসেব-নিকেশ করতেই হয়।
ব্রাজিল যদি গ্রুপ 'সি' তে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে
গ্রুপ 'সি চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল বিশ্বকাপের রাউন্ড অব-৩২ নিশ্চিত করলে তাদের খেলা হবে টুর্নামেন্টের ৭৬ তম ম্যাচ। এই রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ 'এফ' এর রানার্স-আপ। 'এফ' গ্রুপে আছে নেদারল্যান্ডস, জাপান,সুইডেন ও তিউনিসিয়া যেখানে নেদারল্যান্ডসই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বলে ধারণা করছেন সবাই। সেক্ষেত্রে 'এফ' গ্রুপে রানার্স-আপ হওয়ার সম্ভাবনা জাপান অথবা সুইডেনের কোনো একটি দলের।
বিজ্ঞাপন
ব্রাজিল যদি গ্রুপ 'সি' তে রানার্স-আপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে
ব্রাজিল যদি গ্রুপ 'সি' তে চ্যাম্পিয়ন না হয়ে রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে কোয়ালিফাই করে, তবে তাদের পরের রাউন্ডের প্রতিপক্ষও বদলে যাবে। সেক্ষেত্রে 'এফ' গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে তাদের খেলতে হবে পরের রাউন্ডের ম্যাচ। অবশ্য গোল বলের খেলায় যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ। ফলে নেদারল্যান্ডসের বদলে জাপান বা সুইডেনের কোনো একটি দলও প্রতিপক্ষ হতে পারে।
ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স-আপ না হয়
ব্রাজিল যদি গ্রুপ 'সি' তে তৃতীয় হয়ে সেরা আটটি তৃতীয় দলের একটি হয় তবে তাদের গতিপথ অনুমান করা খুব কঠিন। সেরা তৃতীয় দলগুলো যে কোনো একটি ব্র্যাকেটে পড়তে পারে। এর ফলে, তৃতীয় দলগুলোর গতিপথ নির্দিষ্ট করে বলাটা অনেক জটিল এবং দীর্ঘ হবে। সেক্ষেত্রে ব্রাজিলের প্রতিপক্ষ হবে কোন দল তা এখনই বলা খুব মুশকিল। তবে প্রতিপক্ষ যেই হোক না কেনো- আনচেলত্তির অধীনে নেইমার-ভিনিসিয়ুসদের পায়ের জাদুতে সব বাধা পেরিয়ে ব্রাজিল হেক্সা জয় করবে- এমনটাই প্রার্থনা সমর্থকদের।




