০৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, তখন বাংলাদেশের দর্শকদের জন্য এসেছে বড় সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। ফলে তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা যেকোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।
বুধবার (৩ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরকে আরও সহজলভ্য করতে এবং ডিজিটাল দর্শকদের উন্নত অভিজ্ঞতা দিতে তারা এই স্বত্ব অর্জন করেছে।
আরও পড়ুন-শিরোপা দৌড়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান জানাল সুপারকম্পিউটার
আরও পড়ুন-২১ হাজার কোটি টাকার বিশ্বকাপ দল, আর্জেন্টিনা-ব্রাজিলকে ছাড়াল এই দেশ
তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন। বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই আসর। একই সঙ্গে এবারই প্রথম নতুন ফরম্যাটে রেকর্ড ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেবে, যা টুর্নামেন্টটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে।
আরও পড়ুন-বিশ্বকাপে নজর কাড়বে বিশ্বের দামি ৬৮ হাজার কোটি টাকার স্টেডিয়াম ‘সোফি’
আরও পড়ুন-কান্না, অভিশাপ আরও যত অজনা গল্পে তৈরি ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি
অন্যদিকে দেশের টেলিভিশন দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপের স্যাটেলাইট ও ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য আন্তর্জাতিক বিপণন সংস্থাগুলো প্রাথমিকভাবে প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার মূল্য নির্ধারণ করেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫১ কোটি টাকার কাছাকাছি। এর সঙ্গে কর, ভ্যাট এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যুক্ত হলে মোট খরচ প্রায় ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।
এই বিপুল ব্যয়ের কারণেই এখন পর্যন্ত রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি কিংবা কোনো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এককভাবে সম্প্রচার স্বত্ব নেওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।
জানা গেছে, দেশের দর্শকদের স্বার্থ বিবেচনায় টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের সম্ভাবনা এখনো উন্মুক্ত রয়েছে। ইতোমধ্যে কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে সম্প্রচার স্বত্ব নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আলোচনা সফল হলে টিভি পর্দাতেও বিশ্বকাপ দেখার সুযোগ নিয়ে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে।