মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

ফিফা বিশ্বকাপ ২০২৬

শিরোপা দৌড়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান জানাল সুপারকম্পিউটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

শিরোপা দৌড়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান জানাল সুপারকম্পিউটার

ফুটবল বিশ্ব এখন উন্মাদনায় মেতে উঠেছে। ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনে ৪৮টি দল নিয়ে আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভেন্যুতে ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মহোৎসব চলবে ১৯ জুলাই পর্যন্ত। আর টুর্নামেন্ট শুরুর আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অপ্টা সুপারকম্পিউটার দিয়েছে এক রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণী।

১০ হাজার বার সিমুলেশন চালিয়ে অপ্টা জানিয়েছে, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ফেবারিট স্পেন। ইউরো ২০২৪-এর চ্যাম্পিয়নরা ১৬.১ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষে রয়েছে। লুইস দে লা ফুয়েন্তের দল গ্রুপ ‘এইচ’-এ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে খেলবে। সুপারকম্পিউটারের হিসাব অনুসারে তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৫২.১ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ২৫.৬ শতাংশ। লামিন ইয়ামাল ও রদ্রির মতো তরুণ তারকাদের দারুণ ফর্মের ওপর ভর করে স্পেন এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।


বিজ্ঞাপন


স্পেনের পরেই রয়েছে ফ্রান্স। টানা দুই বিশ্বকাপ ফাইনালিস্টরা ১৩ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে আছে। কিলিয়ান এমবাপের নেতৃত্বে দিদিয়ে দেশমের বিদায়ী টুর্নামেন্টে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ২১.৩ শতাংশ। তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড (১১.২ শতাংশ)। টমাস টুখেলের অধীনে বাছাইপর্বে একটি গোলও না খেয়ে রেকর্ড গড়া থ্রি লায়ন্স হ্যারি কেইন ও জুড বেলিংহামের নেতৃত্বে ৬০ বছরের ট্রফি খরা ঘোচাতে মরিয়া।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে চতুর্থ স্থানে (১০.৪ শতাংশ)। ৩৮ বছর বয়সী লিওনেল মেসির নেতৃত্বে ট্রফি ধরে রাখার মিশনে নামবে লা আলবিসেলেস্তে। তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৭৩ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮.১ শতাংশ।

opta
অপ্টার চোখে ২০২৬ বিশ্বকাপের প্রধান দাবিদার স্পেন। ছবি: অপ্টা 

এছাড়া পর্তুগাল (৭%), ব্রাজিল (৬.৬%) ও জার্মানি (৫.১%) রয়েছে শিরোপা জয়ের দৌড়ে। রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপে পর্তুগালের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ২৩.৯ শতাংশ। ব্রাজিল চাইবে ২৪ বছরের শিরোপা খরা কাটাতে, আর জার্মানি ১২ বছর পর নকআউটে ফিরে ভালো কিছু করতে চায়।


বিজ্ঞাপন


এবারের টুর্নামেন্টে ডার্ক হর্স হিসেবে বিবেচিত হচ্ছে নেদারল্যান্ডস, নরওয়ে (আর্লিং হালান্ড), বেলজিয়াম, কলম্বিয়া ও মরক্কোকে। বিশেষ করে হালান্ডের নরওয়ে বাছাইপর্বে রেকর্ড গোল করে আলোচনায় এসেছে।

টুর্নামেন্টে প্রথমবার অংশ নেবে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। অপ্টার সিমুলেশনে কুরাসাও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে দুর্বল হাইতি একবার বিশ্বকাপ জিতেছে। তিন সহ-আয়োজকের মধ্যে যুক্তরাষ্ট্র (১.২%) সবচেয়ে এগিয়ে আছে।

অপ্টা আরও জানিয়েছে, ৪৮টি দলের মধ্যে ৩৫.৯ শতাংশ সম্ভাবনা রয়েছে এমন কোনো নতুন দেশের চ্যাম্পিয়ন হওয়ার, যারা আগে কখনো ট্রফি জেতেনি। তবে ফুটবলে সব হিসাবই মাঠের লড়াইয়ে পাল্টে যেতে পারে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর