ধর্ম ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম
রাসুলুল্লাহ (স.)-এর জীবনের প্রতিটি বিষয়েই রয়েছে অনুসরণীয় শিক্ষা। তাঁর কথা, কাজ ও আচার-আচরণের পাশাপাশি চলাফেরার মধ্যেও ছিল সৌন্দর্য ও শালীনতা। তিনি কীভাবে হাঁটতেন, সে বর্ণনা হাদিসের গ্রন্থগুলোতে পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর হাঁটায় ছিল দৃঢ়তা, গতি ও স্বাভাবিকতা। একই সঙ্গে তাঁর জীবন থেকে পাওয়া যায় বিনয়ী ও অহংকারমুক্ত চলাফেরার শিক্ষা।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-এর চেয়ে দ্রুত হাঁটতে কাউকে দেখিনি। মনে হতো, তাঁর জন্য জমিন সংকুচিত করে দেওয়া হচ্ছে। আমরা তাঁর সঙ্গে হাঁটতে গিয়ে কষ্ট অনুভব করতাম, অথচ তাঁর কোনো কষ্ট হতো না।’ (জামে তিরমিজি: ৩৬৪৮)
এ বর্ণনা থেকে রাসুলুল্লাহ (স.)-এর হাঁটার গতি ও দৃঢ়তার বিষয়টি জানা যায়। তবে এ হাদিসের সনদের মান নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এটিকে একমাত্র দলিল না ধরে তাঁর হাঁটার অন্যান্য বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখা উচিত।
আরও পড়ুন: নবীজি (স.) যেভাবে কথা বলতেন
আলী (রা.) রাসুলুল্লাহ (স.)-এর শারীরিক গঠন ও হাঁটার ধরন বর্ণনা করতে গিয়ে বলেন, ‘তিনি যখন হাঁটতেন, তখন সামনের দিকে কিছুটা হেলে হাঁটতেন। মনে হতো, যেন তিনি কোনো ঢালু জায়গা দিয়ে দ্রুত নিচে নেমে আসছেন।’ (জামে তিরমিজি: ৩৬৩৭)
আনাস (রা.) থেকেও এ ধরনের বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) যখন হাঁটতেন, তখন সামনের দিকে কিছুটা ঝুঁকে হাঁটতেন। (সহিহ মুসলিম: ৫৯৪৮)
এসব বর্ণনা থেকে বোঝা যায়, তাঁর হাঁটার ভঙ্গি ছিল স্বাভাবিক ও দৃঢ়। তিনি কৃত্রিম ভঙ্গিতে চলতেন না। তাঁর পদক্ষেপে ছিল স্বতঃস্ফূর্ততা ও কর্মচাঞ্চল্য।
আরও পড়ুন: নবীজির ৭ ক্ষমার দৃষ্টান্ত হৃদয় ছুঁয়ে যায়
রাসুলুল্লাহ (স.)-এর জীবন ছিল বিনয় ও নম্রতার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে একজন মুমিনের চলাফেরাও হতে হবে অহংকারমুক্ত ও মার্জিত। কোরআনেও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, ‘তুমি পৃথিবীতে অহংকারভরে চলাফেরা করো না। নিশ্চয়ই তুমি কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনো পর্বতসম হতে পারবে না।’ (সুরা ইসরা: ৩৭)
আরও বলেন, ‘রহমানের বান্দা তারাই, যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করে।’ (সুরা ফুরকান: ৬৩)
লুকমান (আ.)-এর উপদেশ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ‘তোমার চলাফেরায় মধ্যমপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো।’ (সুরা লুকমান: ১৯)
অর্থাৎ চলাফেরায় যেমন অহংকার ও আত্মম্ভরিতা থাকা যাবে না, তেমনি অকারণে ধীরগতি বা কৃত্রিম ভঙ্গিও কাম্য নয়। হাঁটা হবে স্বাভাবিক, দৃঢ় ও পরিমিত।
রাসুলুল্লাহ (স.)-এর হাঁটার বর্ণনা থেকে আমরা শিখি, একজন মুমিনের চলাফেরায় থাকবে কর্মচাঞ্চল্য, দৃঢ়তা ও স্বাভাবিকতা। একই সঙ্গে তাঁর আচরণে থাকবে বিনয় ও শালীনতা। হাঁটার মধ্যেও অহংকার প্রকাশ পাবে না। জীবনের ছোট ছোট অভ্যাসেও নবীজির আদর্শ অনুসরণ করা একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: জামে তিরমিজি: ৩৬৩৭, ৩৬৪৮; সহিহ মুসলিম: ৫৯৪৮; সুরা ইসরা: ৩৭; ফুরকান: ৬৩; লুকমান: ১৯