ধর্ম ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ‘ফার্স্ট অব দ্য ফার্স্টস’-এর তৃতীয় আসরে বিজয়ী হয়েছেন মিসরের হাফেজ আবদেলফাত্তাহ আবদেলহামিদ আবদেল ফাত্তাহ আবু জাহরা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ লাখ কাতারি রিয়াল।
শনিবার (২১ নভেম্বর) কাতারের রাজধানী দোহার শেরাটন গ্র্যান্ড দোহা রিসোর্ট অ্যান্ড কনভেনশন হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন দেশটির আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রী গানেম বিন শাহিন বিন গানেম আল গানেম।
কাতারের প্রতিষ্ঠাতা শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানির নামে আয়োজিত কোরআন প্রতিযোগিতার এটি আন্তর্জাতিক শাখা। এতে ৩৫টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন। তারা সবাই বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী। এসব বিজয়ীর মধ্য থেকে সেরা নির্বাচন করতেই ‘ফার্স্ট অব দ্য ফার্স্টস’ আয়োজন করা হয়।
আরও পড়ুন: কাতারে কোরআন প্রতিযোগিতা: চূড়ান্ত পর্বে বাংলাদেশসহ ৫ দেশের ১০ হাফেজ
আয়োজক কমিটির সভাপতি জাসিম আবদুল্লাহ আল আলী জানান, এবারের আসরে ৯৮ জন প্রতিযোগী আবেদন করেছিলেন। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক বাছাইপর্ব শেষে ৪২ জন কাতারে সরাসরি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। তিনি বলেন, দূরবর্তী বাছাইপর্ব এবারের আসরের উল্লেখযোগ্য নতুনত্ব। এর মাধ্যমে বিভিন্ন দেশের আরও বেশি প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
প্রতিযোগিতার প্রথম আসরে ২১টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছিলেন। দ্বিতীয় আসরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯-এ। তৃতীয় আসরে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩৫।
প্রতিযোগিতার বিশেষত্ব তুলে ধরে জাসিম আবদুল্লাহ আল আলী বলেন, অংশগ্রহণকারীরা আগে থেকেই বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। দোহায় এসে তাদের মুখস্থশক্তি, তেলাওয়াতের দক্ষতা, পারদর্শিতা এবং কোরআনের অর্থ সম্পর্কে জ্ঞানের পরীক্ষা দিতে হয়েছে।
প্রতিযোগিতার সুপ্রিম জাজিং কমিটির প্রধান শেখ ড. আহমদ ঈসা আল-মাসারাওয়ি বলেন, একজন দক্ষ হাফেজ কোরআনের কোনো আয়াত বা অংশ সম্পর্কে জানতে চাইলে তা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে পারেন। একই ধরনের শব্দ ও বাক্য থাকা আয়াতগুলোর মধ্যেও তিনি পার্থক্য বুঝতে পারেন। এবারের প্রতিযোগীদের মধ্যে এ ক্ষেত্রে উচ্চমাত্রার দক্ষতা দেখা গেছে।
আরও পড়ুন: কিং আবদুল আজিজ কোরআন প্রতিযোগিতায় ১৫ লাখ রিয়াল পুরস্কার
শেখ আল-মাসারাওয়ি কোরআন হিফজ ও তেলাওয়াতের উচ্চমান অর্জনে অভিজ্ঞ আলেম ও শায়খদের কাছ থেকে সঠিকভাবে শিক্ষা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও বুরুন্ডির গ্র্যান্ড মুফতিসহ বিভিন্ন দেশের আলেম, কোরআন প্রতিযোগিতার আয়োজক এবং কাতারে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিযোগিতার নতুন ভিজ্যুয়াল আইডেন্টিটি উন্মোচন করা হয়। এ ছাড়া সুপ্রিম জাজিং কমিটির সদস্যদের এবং প্রতিযোগিতার সংবাদ প্রচারে ভূমিকা রাখা গণমাধ্যমগুলোকে সম্মাননা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, কোরআনের হাফেজদের উৎসাহিত করা, তাদের প্রতিভার বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে কোরআনবিষয়ক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আগের আসরে অংশ নেওয়া কয়েকজন প্রতিযোগীকে কাতারের বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি তারা কোরআন শিক্ষাকেন্দ্রগুলোতে পাঠদানের সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য, ‘ফার্স্ট অব দ্য ফার্স্টস’ প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। ওই আসরে কুয়েতের একজন প্রতিযোগী বিজয়ী হন। ২০২৩ সালে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে প্রথম হন মিসরের একজন প্রতিযোগী। এবারও মিসরের হাফেজের বিজয়ের মধ্য দিয়ে তৃতীয় আসরের সমাপ্তি হলো।
তথ্যসূত্র: কাতার নিউজ এজেন্সি