বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাতারে কোরআন প্রতিযোগিতা: চূড়ান্ত পর্বে বাংলাদেশসহ ৫ দেশের ১০ হাফেজ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

কাতারে কোরআন প্রতিযোগিতা: চূড়ান্ত পর্বে বাংলাদেশসহ ৫ দেশের ১০ হাফেজ

কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন মুখস্থ প্রতিযোগিতা ‘আওয়াল আল-আওয়ায়েল’-এর তৃতীয় আসরের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশসহ পাঁচ দেশের ১০ জন হাফেজ। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী পাবেন ১০ লাখ কাতারি রিয়াল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দোহার ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষ হয়। এদিন শেষ তিন প্রতিযোগীর পরীক্ষা নেওয়া হয়। এর আগে সোমবার সাতজনের পরীক্ষা সম্পন্ন হয়। ১০ প্রতিযোগীর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। বৃহস্পতিবার দোহার শেরাটন হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রী গনেম বিন শাহিন বিন গনেম আল গনিম বিজয়ীকে সম্মানিত করবেন।

‘আওয়াল আল-আওয়ায়েল’ কাতারের প্রতিষ্ঠাতা শেখ জাসিম বিন মুহাম্মদ বিন সানির নামে আয়োজিত পবিত্র কোরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক শাখা। এবারের আসরে মিসর, লিবিয়া, বাংলাদেশ, নাইজার ও চাদের প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেন।

প্রতিযোগিতার তৃতীয় আসরে ৩৫টি দেশ থেকে ৯৮ জন আবেদন করেন। প্রাথমিক অনলাইন বাছাইপর্ব শেষে ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী দোহায় প্রথম পর্বে অংশ নেওয়ার সুযোগ পান। সেখানে পুরো কোরআন মুখস্থ এবং এর শব্দগুলোর অর্থ সম্পর্কে তাদের পরীক্ষা নেওয়া হয়। ৯ থেকে ১৪ নভেম্বর ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে অনুষ্ঠিত এ পর্ব থেকে চূড়ান্ত পর্বের জন্য ১০ জনকে নির্বাচন করা হয়।

আরও পড়ুন: কিং আবদুল আজিজ কোরআন প্রতিযোগিতায় ১৫ লাখ রিয়াল পুরস্কার

চূড়ান্ত পর্বের কার্যক্রমে কাতার টেলিভিশনের পরিচালক আলী সালেহ আল-সাদাসহ কাতার টেলিভিশন, কাতার রেডিও ও হলি কোরআন রেডিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবং কাতার মিডিয়া করপোরেশনের কৌশলগত অংশীদারত্বের আওতায় প্রতিযোগিতার প্রথম ও চূড়ান্ত পর্ব কাতার টেলিভিশন-২ এবং হলি কোরআন রেডিওতে সম্প্রচার করা হয়। এ ছাড়া আল রাইয়ান টেলিভিশন প্রতিযোগিতার বিভিন্ন পর্বের সরেজমিন প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রচার করে। স্থানীয় সংবাদপত্র ও গণমাধ্যমেও প্রতিযোগী এবং প্রতিযোগিতার বিভিন্ন ধাপ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ইসলামওয়েবেও পুরো প্রতিযোগিতা সম্প্রচার করা হয়।

‘আওয়াল আল-আওয়ায়েল’ শুধু শিরোপা ও অর্থ পুরস্কারের প্রতিযোগিতা নয়। বিভিন্ন দেশের কৃতী হাফেজদের একত্র করা, তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি এবং কোরআন মুখস্থ ও আয়ত্তে উৎকর্ষকে স্বীকৃতি দেওয়াও এর অন্যতম লক্ষ্য।

কোরআনবিষয়ক উদ্যোগে উৎসাহ দেওয়া, ইসলামি মূল্যবোধের প্রসার, জাতীয় পরিচয় সুদৃঢ় করা এবং মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করছে কাতার। দেশটির জাতীয় রূপকল্প ২০৩০-এর লক্ষ্যগুলোর সঙ্গেও এ আয়োজন সামঞ্জস্যপূর্ণ।

তথ্যসূত্র: পেনিনসুলা কাতার

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর