ধর্ম ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। হাদিসে এসেছে, ‘দোয়াই ইবাদত।’ (সুনানে আবু দাউদ: ১৪৭৯) অন্য হাদিসে এসেছে, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই।’ (সুনানে ইবনে মাজাহ: ৩৮২৯) আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
দোয়া কখনো বিফলে যায় না। তবে সবসময় বান্দার চাওয়া অনুযায়ী তাৎক্ষণিক ফল পাওয়া যায় না। কখনো দোয়া কবুল হতে দেরি হয়। এ ক্ষেত্রে হতাশ না হয়ে দোয়ার আদব রক্ষা করা এবং ধৈর্যধারণ করা জরুরি। হাদিসের আলোকে দোয়া কবুলের সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিষয় তুলে ধরা হলো।
দোয়া করার পর দ্রুত ফল পাওয়ার প্রত্যাশা করা এবং দেরি হলে হতাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়া অনুচিত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের কারও দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে, যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সে বলতে থাকে, আমি দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল হয়নি।’ (সহিহ বুখারি: ৬৩৪০; সহিহ মুসলিম: ২৭৩৫)
এই হাদিস থেকে বোঝা যায়, দোয়া করার পর ফল পেতে দেরি হলে হতাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে বারবার চাইতে হবে এবং তাঁর রহমতের ব্যাপারে আশাবাদী থাকতে হবে।
আরও পড়ুন: দোয়া কবুলের ৯টি জরুরি আদব: কোরআন-হাদিসের আলোকে
দোয়ার কিছু আদব রয়েছে। আল্লাহর প্রশংসা করা, রাসুলুল্লাহ (স.)-এর ওপর দরুদ পাঠ করা এবং এরপর নিজের প্রয়োজনের কথা তুলে ধরা দোয়ার গুরুত্বপূর্ণ আদব।
ফাদালা ইবনে উবাইদ (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নামাজের মধ্যে দোয়া করছিলেন। তিনি আল্লাহর প্রশংসা করেননি এবং নবী (স.)-এর ওপর দরুদও পাঠ করেননি। তখন রাসুলুল্লাহ (স.) বললেন, ‘এই ব্যক্তি তাড়াহুড়া করেছে।’ এরপর তিনি তাকে দোয়ার পদ্ধতি শিখিয়ে দিয়ে বললেন, প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণগান করবে, তারপর নবী (স.)-এর ওপর দরুদ পাঠ করবে। এরপর নিজের ইচ্ছামতো দোয়া করবে। (জামে তিরমিজি: ৩৪৭৭)
হাদিসটি থেকে দোয়ার আদবের গুরুত্ব স্পষ্ট হয়। তাই দোয়া করার সময় আল্লাহর প্রশংসা ও রাসুলুল্লাহ (স.)-এর ওপর দরুদ পাঠের প্রতি যত্নবান হওয়া উচিত।
দোয়া শুধু মুখে কিছু শব্দ উচ্চারণের নাম নয়। দোয়ার সময় অন্তরকে আল্লাহর দিকে নিবিষ্ট রাখা এবং পূর্ণ মনোযোগের সঙ্গে তাঁর কাছে চাওয়া জরুরি।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো। আর জেনে রাখো, আল্লাহ অমনোযোগী ও উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না।’ (জামে তিরমিজি: ৩৪৭৯)
তাই দোয়ার সময় মনোযোগ ধরে রাখতে হবে। কী চাইছি, কার কাছে চাইছি এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান- এসব বিষয় অন্তরে জাগ্রত রাখা জরুরি।
আরও পড়ুন: মোনাজাতে এই ১১ দোয়া যেন থাকে
দোয়ার ফল সঙ্গে সঙ্গে পাওয়া না গেলেও কোনো দোয়া বিফলে যায় না। হাদিসে এসেছে, যদি কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। হয়তো ওই জিনিস তাকে তৎক্ষণাৎ দান করেন অথবা দুনিয়া ও আখেরাতে তার জন্য জমা করে রাখেন। (মুসনাদে আহমদ: ৯৭৮৫)
কখনো বান্দা যা চায়, তার চেয়ে উত্তম কিছু আল্লাহ তার জন্য নির্ধারণ করেন। এর একটি দৃষ্টান্ত পাওয়া যায় মৃগীরোগে আক্রান্ত এক নারীর ঘটনায়। তিনি রাসুলুল্লাহ (স.)-এর কাছে রোগমুক্তির জন্য দোয়া চাইলে তিনি তাকে ধৈর্যধারণের বিনিময়ে জান্নাতের সুসংবাদ দেন। নারীটি ধৈর্যধারণের সিদ্ধান্ত নেন। (সহিহ বুখারি: ৫৬৫২)
এ ঘটনা থেকে বোঝা যায়, দুনিয়ায় কাঙ্ক্ষিত বিষয় না পাওয়ার মধ্যেও বান্দার জন্য বড় কল্যাণ থাকতে পারে। কখনো আল্লাহ দুনিয়ার সাময়িক স্বস্তির পরিবর্তে আখেরাতের স্থায়ী প্রতিদান নির্ধারণ করেন।
তাই দোয়া কবুল হতে দেরি হলে হতাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থেকে ধৈর্যসহকারে দোয়া চালিয়ে যেতে হবে। কারণ কোন বিষয়টি বান্দার জন্য কল্যাণকর, তা আল্লাহই ভালো জানেন। তিনি বলেন, ‘তোমরা এমন কিছু অপছন্দ করো, যা তোমাদের জন্য কল্যাণকর। আর এমন কিছু পছন্দ করো, যা তোমাদের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে আল্লাহ সব কিছু জানেন, তোমরা জানো না।’ (সুরা বাকারা: ২১৬)
মুমিনের বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কাছে করা কোনো দোয়াই অর্থহীন নয়। কখনো তিনি বান্দার চাওয়া পূরণ করেন, কখনো তার বিনিময়ে বিপদ দূর করেন, আবার কখনো আখেরাতের জন্য প্রতিদান জমা রাখেন। তাই দোয়া কবুল হতে দেরি হলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।