images

ইসলাম

সালামের উত্তরে শুধু ‘ওয়ালাইকুম’ বলা যায়?

ধর্ম ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

ইসলাম অভিবাদনের শিক্ষা দিয়েছে সালামের মাধ্যমে। সালামে রয়েছে অন্যের জন্য প্রশান্তি ও রহমতের প্রার্থনা। একজন মুসলিম যখন অন্য মুসলিমকে ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম দেন, তখন তিনি মূলত আল্লাহর কাছে তার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ প্রার্থনা করেন। সালাম দেওয়া সুন্নাহ হলেও এর উত্তর দেওয়া ওয়াজিব বা আবশ্যক। তবে উত্তর দেওয়ার ক্ষেত্রেও ইসলামে সুস্পষ্ট সুন্নাহ ও সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে।

কোরআনের নির্দেশনা

সালামের উত্তরের পদ্ধতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন- ‘যখন তোমাদের অভিবাদন জানানো হয় (সালাম দেওয়া হয়), তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন করো অথবা অন্তত তারই মতো ফিরিয়ে দাও।’ (সুরা নিসা: ৮৬)
মুফাসসিরদের ব্যাখ্যা অনুযায়ী, কেউ যদি ‘আসসালামু আলাইকুম’ বলে, তবে উত্তরে অন্তত ‘ওয়ালাইকুমুস সালাম’ বলা হলো সমানভাবে জবাব দেওয়া। আর ‘ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ’ বলা হলো উত্তম জবাব। এর চেয়ে কম বললে কোরআনের এই নির্দেশনার পূর্ণ হক আদায় হয় না।

আরও পড়ুন: সালামের ৫ অদৃশ্য শক্তি, যা ভ্রাতৃত্বকে নতুন রূপ দেয়

রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাহ ও সওয়াব

সালামের শব্দ বৃদ্ধির সঙ্গে সওয়াব বৃদ্ধির বিষয়টি রাসুলুল্লাহ (স.) স্পষ্টভাবে উল্লেখ করেছেন। হাদিস শরিফে এসেছে, এক ব্যক্তি ‘আসসালামু আলাইকুম’ বললে তিনি বললেন দশ সওয়াব, আরেকজন ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ বললে তিনি বললেন বিশ সওয়াব এবং আরেকজন এসে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’ বললে তিনি বললেন ত্রিশ সওয়াব। (সূত্র: আবু দাউদ: ৫১৯৫; তিরমিজি: ২৬৮৯)
এ থেকে প্রতীয়মান হয় যে, সালাম ও তার উত্তর যত পূর্ণাঙ্গ হবে, সওয়াবও তত বৃদ্ধি পাবে। তাই সংক্ষিপ্তভাবে দায়সারা উত্তর দেওয়া কাম্য নয়।

শুধু ‘ওয়ালাইকুম’ বলা কি যথেষ্ট?

সাধারণ মুসলিম ভাইয়ের সালামের উত্তরে শুধু ‘ওয়ালাইকুম’ বলা মোটেও যথেষ্ট নয়। এতে ‘সালাম’ শব্দটি বাদ পড়ে যায় এবং দোয়ার অর্থও অসম্পূর্ণ থেকে যায়। জমহুর ফুকাহায়ে কেরামের মতে, সালামের জবাবে কমপক্ষে ‘ওয়ালাইকুমুস সালাম’ বলা আবশ্যক।

আরও পড়ুন: অমুসলিম সালাম দিলে জবাব দেয়ার নিয়ম কী

তবে হাদিসে ‘ওয়া আলাইকুম’ (এবং তোমাদের ওপরও) বলে উত্তর দেওয়ার একটি বিশেষ প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। এটি মূলত অমুসলিমদের (আহলে কিতাব) সালামের জবাবের ক্ষেত্রে প্রযোজ্য। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘আহলুল কিতাব যখন তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলবে- ওয়া আলাইকুম।’ (সহিহ বুখারি: ৬২৫৮)

তৎকালীন সময়ে কিছু অমুসলিম বিদ্বেষবশত বিকৃতভাবে সালাম দিত। তাই তাদের ক্ষেত্রে এমন সংক্ষিপ্ত উত্তর নির্দেশিত হয়েছে। কিন্তু একজন মুসলিম ভাইয়ের সালামের ক্ষেত্রে এই নীতি অনুসরণ করা সুন্নাহসম্মত আদবের পরিপূর্ণতা রক্ষা করে না। তাই মুসলিমের সালামের জবাবে পূর্ণ অর্থ ও আদব বজায় রাখতে ‘সালাম’ শব্দসহ উত্তর দেওয়া জরুরি।

সালামের মতো একটি সুন্দর দোয়ার যথাযথ জবাব দেওয়া আমাদের দ্বীনি দায়িত্ব। তাই অলসতা ত্যাগ করে সুন্নাহসম্মত পূর্ণ জবাব দেওয়ার অভ্যাস করা উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে সালামের আদব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন। আমিন।