ধর্ম ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
তাওবা কোনো সাধারণ শব্দ নয়; এটি একটি গভীর ও তাৎপর্যপূর্ণ ইবাদত। তাওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে মুক্তি লাভ করে। এছাড়াও তাওবা হলো হৃদয়ের পরিবর্তন ও জীবনের পুনর্নির্দেশনা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁর দিকেই প্রত্যাবর্তন করো।’ (সুরা হুদ: ৩)
তাওবা কবুলের জন্য ইসলামি স্কলাররা কোরআন-সুন্নাহের আলোকে কতকগুলো শর্ত উল্লেখ করেছেন। সেগুলো নিচে তুলে ধরা হলো।
১. অবিলম্বে পাপ কাজ বন্ধ করা
২. অতীতের জন্য গভীর অনুশোচনা বোধ করা
৩. ভবিষ্যতে এ পাপ না করার দৃঢ় সংকল্প করা
৪. কাউকে ক্ষতিগ্রস্ত করলে তার হক আদায় করা বা ক্ষমা চেয়ে নেওয়া
আরও পড়ুন:তাওবা কবুলের জন্য যে দোয়াগুলো পড়বেন
আসল তাওবা হলো- শুধুমাত্র আল্লাহর ভয়ে ও তাঁর সন্তুষ্টির জন্য পাপ ত্যাগ করা। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘অনুতপ্ত হওয়াই হলো তাওবা।’ (ইবনে মাজাহ, সহিহ আল-জামে: ৬৮০২)
আরও পড়ুন: গুনাহ করতে করতে ক্লান্ত, তাদের জন্য কোরআনের উপদেশ
পাপের ভয়াবহতা উপলব্ধি করা: ইবনুল কাইয়িম (রহ.) তাঁর গ্রন্থে গুনাহের ৭০টিরও বেশি ক্ষতি বর্ণনা করেছেন। যেমন: জ্ঞান হারানো, অন্তরে অশান্তি, বরকত কমে যাওয়া, দোয়া কবুল না হওয়া ইত্যাদি।
তাড়াতাড়ি তাওবা করা: তাওবায় বিলম্ব করাও একটি পাপ।
আল্লাহর হক আদায় করা: যেমন—বাকি থাকা নামাজ, রোজা, জাকাত ইত্যাদি কাজা আদায় করা।
পাপের পরিবেশ ত্যাগ করা: পাপের স্থান ও পাপী সঙ্গী ছেড়ে দেওয়া।
হারাম বস্তু ধ্বংস করা: মদ, মাদক, বাদ্যযন্ত্র, অশ্লীল সিডি বা বইপত্র নষ্ট করে ফেলা।
নেক সঙ্গী গ্রহণ করা: ভালো বন্ধু গ্রহণ করা ও ইসলামিক পরিবেশে নিজেকে সম্পৃক্ত রাখা।
হালাল রুজি খাওয়া: হারাম দ্বারা গঠিত দেহকে হালাল খাদ্য দিয়ে পবিত্র করা।
আরও পড়ুন: তওবা কবুল হয় না যাদের
তাওবা করুন আজকেই। যারা দ্রুত তাওবা করে, আল্লাহ তাদের পছন্দ করেন। ‘আল্লাহ তাদেরই তওবা কবুল করেন, যারা না জেনে মন্দ কাজ করে, তারপর অচিরেই তওবা করে। এদেরই তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়।’ (সুরা নিসা: ১৭) রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি মৃত্যু আসার আগে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন।’ (সহিহ আল-জামে: ৬১৩২)
আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ও নিখাদ তাওবার তাওফিক দান করুন এবং সকল গুনাহ মাফ করে দিন। আমিন।