images

ইসলাম

নামাজের তাকবিরে হাত কতটা উঠাতে হয়

ধর্ম ডেস্ক

১৫ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পিএম

তাকবিরে তাহরিমা নামাজের একটি গুরুত্বপূর্ণ রুকন। আল্লাহু আকবর বলে নামাজ শুরু করাকে তাকবিরে তাহরিমা বলে। তাকবিরে তাহরিমা বলা ইমাম, মুক্তাদি ও একা নামাজ আদায়কারী সবার জন্যই ফরজ। তাকবিরে তাহরিমা ছাড়া নামাজের অন্য সব তাকবির বলা তাদের সবার জন্যই সুন্নত।

তাকবিরে তাহরিমার সময় হাত উঠানোর নিয়ম হলো- নামাজের নিয়ত করে পুরুষ উভয় হাতের বৃদ্ধা আঙুল কানের লতি বরাবর উঠাবে এবং হাতের তালু কিবলার দিকে করে হাতের আঙুলগুলো স্বাভাবিকভাবে রেখে ‘আল্লাহু আকবর’ বলবে। আর নারীরা হাতের আঙুলগুলো মিলিয়ে রেখে কাঁধ পর্যন্ত উঠাবে। (সুনানে নাসায়ি: ১০২৪)

নারীরা কাঁধ পর্যন্ত উঠবে, যাতে তাদের পর্দা অধিক রক্ষা পায়। ওয়েল বিন হুজুর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, হে ওয়েল বিন হুজুর! যখন তুমি নামাজ পড়ো, তখন তোমার হাত কান বরাবর উঠাও। আর মহিলারা তাদের হাত বুক বরাবর উঠাবে। (আলমুজামুল কাবির লিততাবরানি: ২৮,জামেউল মাসানিদ ওয়াস সুনান: ১০৬৫০; কানজুল উম্মাল: ৩/১৭৫, হাদিস: ১৯৬৪০,মাজমাউজ জাওয়ায়েদ: ২/১০৩, হাদিস: ২৫৯৪) হজরত আতা (রহ) থেকেও এমনটি বর্ণিত। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৩/১৩৭)

আরও পড়ুন
ইমামের সঙ্গে মুক্তাদিকেও সব তাকবির বলতে হবে?
তিন রাকাত হারানো মাসবুক সুরা মেলাবে কোন দুই রাকাতে?
তৃতীয় রাকাতে ভুলে বসে গেলে করণীয়

জামাতে নামাজের সময় মুক্তাদিরা ইমামের তাকবিরে তাহরিমা বলার পর তাকবির বলবে। যদি মুক্তাদির তাকবিরে তাহরিমা ইমামের তাকবির শেষ হওয়ার আগে শেষ হয়ে যায়, তাহলে মুক্তাদির নামাজ সহিহ হবে না। (আল মুহিতুল বুরহানি: ১/২৯৪)

যদি কোনো ব্যক্তি জামাতে এসে ইমাম সাহেবকে রুকুতে পায়, তাহলে হাত উঠিয়ে দাঁড়ানো অবস্থায়ই তাকবিরে তাহরিমা বলবে। তারপর হাত না বেঁধে রুকুর তাকবির বলে রুকুতে যাবে। যদি তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবর’ দাঁড়ানো অবস্থায় বলা শেষ না করে কেউ রুকুতে যায়, তাহলে নামাজ হবে না, কেননা তখন তা রুকুর তাকবির বলে গণ্য হবে। (রদ্দুল মুহতার: ১/৪৮০)

অনেকেই তাকবিরে তাহরিমার সময় হাত উঠিয়ে ছেড়ে দিয়ে তারপর হাত বেঁধে থাকেন, এটি সুন্নতসম্মত নয়। বরং নিয়ম হলো, হাত উঠিয়ে সরাসরি বেঁধে ফেলবে। (রদ্দুল মুহতার: ১/৫০৮)