images

ইসলাম

মোহরানা পরিশোধের আগে স্ত্রীর মৃত্যু হলে করণীয়

ধর্ম ডেস্ক

৩০ মে ২০২৪, ০৮:৫৪ পিএম

বিয়ে বৈধ সাব্যস্ত হওয়ার জন্য মোহর পরিশোধ করা বাধ্যতামূলক। কোনোভাবেই এ মোহর আদায় না করার সুযোগ নেই। মোহরানা স্ত্রীর সম্মানের প্রতীক ও তার একচ্ছত্র অধিকার। মোহর পরিশোধ করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নারীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশিমনে। এরপর তারা যদি স্বেচ্ছায় সাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য, তাহলে তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো।’ (সুরা নিসা: ৪)

ছলে-বলে-কৌশলে স্ত্রীকে মোহরানা থেকে বঞ্চিত করা যাবে না। অতি ভালোবাসার ছল করে ‘মোহর মাফ’ করা বা মাফ করিয়ে নেওয়ার সংস্কৃতি চালু হয়েছে আমাদের সমাজে। যা ইসলাম সমর্থন করে না। যে স্বামীর মনে স্ত্রীর মোহর আদায়ের ইচ্ছাটুকুও নেই, হাদিস শরিফে তাঁকে বলা হয়েছে ‘ব্যভিচারী’। (দেখুন- মাজমাউজ জাওয়ায়েদ: ৪/৫২২-৫২৩)

আরও পড়ুন: মোহরানা নির্ধারণের সঠিক পদ্ধতি

মোহরানা আদায়ের আগেই যদি স্ত্রীর মৃত্যু হয়, তাহলে স্ত্রীর অনাদায়কৃত মোহরানা স্ত্রীর মৃত্যুর মাধ্যমে মিরাস হিসেবে পরিগণিত হবে। উক্ত মোহরানার টাকা স্বামীর উপর ঋণ হিসেবে ধর্তব্য হবে। তাই এই ঋণ স্ত্রীর অন্যান্য সম্পদের মতোই মিরাস হিসেবে বণ্টন হবে। স্বামী স্ত্রীর কাছ থেকে মিরাস হিসেবে যা পাবে, তার অংশ বাদ দিয়ে বাকি মোহরানার টাকা অন্যান্য ওয়ারিসদের মাঝে বণ্টন করে দিবে। (ফাতহুল কাদির: ৩/৩৭৮)

আরও পড়ুন: সহবাসে সাড়া না দিলে স্ত্রী কি গুনাহগার হবেন?

উল্লেখ্য, মুহাক্কিক আলেমদের মতে, মোহরানা ধার্য করার ক্ষেত্রে উত্তম পন্থা হলো- স্ত্রীর বংশে তার সমমানের নারীদের বাস্তবসম্মত মোহর এবং স্বামীর আর্থিক সামর্থ্য—এ দুটি বিষয়কে বিবেচনায় নিয়ে মোহর নির্ধারণ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব স্ত্রীকে তা পরিশোধ করে দেওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মোহরানার টাকার ব্যাপারে এবং নারীর সকল অধিকারের ব্যাপারে সচেতনতা দান করুন। আমিন।