images

ইসলাম

মক্কায় কোরআন প্রতিযোগিতার বিচারক বাংলাদেশি আলেমকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

মক্কায় অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এবার বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খান। গত বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে তাকে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়। ওই সময় সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে প্রতিযোগিতার বিচারক ও বিজয়ীদের হাতে সম্মাননা পদক তুলে দেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান।

আরও পড়ুন: সৌদিতে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ

ড. ওয়ালীয়ুর রহমান খান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকায় আয়োজিত দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’-এর বিচারক ছিলেন তিনি। একজন বাংলাদেশি হিসেবে এবারই প্রথম তিনি মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: মক্কায় কত টাকা পুরস্কার পেলেন বাংলাদেশি দুই হাফেজ

মক্কায় অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এবার বিশ্বের ১১৭টি দেশ থেকে ১৬৬ প্রতিযোগী অংশ নেন। এই প্রতিযোগতার তৃতীয় বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের ফয়সাল আহমেদ। পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫২ লাখ ৬২ হাজার ৫৭৯ টাকা) ও সম্মাননা পদক। প্রতিযোগিতার চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে মো. মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৩৫ লাখ আট হাজার ৩৮৬ টাকা) ও সম্মাননা পদক।

জেবি