জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পিএম
নিরাপদ অভিবাসন বিষয়ে বিদেশগামী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি, অনিয়মিত অভিবাসন ও সমুদ্রপথে বিদেশযাত্রা প্রতিরোধ ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে জনসচেতনতা তৈরিতে যৌথভাবে কাজ করবে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এবং অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ‘প্রবাস কথা’।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান এবং প্রবাস কথার প্রকাশক ও সম্পাদক মুনজুরুল করিম।
বাংলাদেশি অভিবাসী ও প্রবাসীদের জন্য বাংলা ভাষায় পরিচালিত অন্যতম বৃহৎ ডিজিটাল সংবাদমাধ্যম এবং নেটওয়ার্ক ‘প্রবাস কথা’ দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার, সমস্যা, সম্ভাবনা এবং নিরাপদ অভিবাসন বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ প্রচার করে আসছে।
এই অংশীদারত্বের ফলে তৃণমূল থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদ অভিবাসনের সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং বিদেশ-ফেরত অভিবাসীদের সহায়তা আরও জোরদার হবে।
চুক্তি অনুযায়ী অনিয়মিত অভিবাসনের ঝুঁকি, মানব পাচার প্রতিরোধ, আইনি প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার উপায় এবং টেকসই পুনরেকত্রীকরণের তথ্য তুলে ধরতে যৌথ প্রচার ও সচেতনতামূলক নানা উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা রোধে ডায়াসপোরা ও তরুণদের লক্ষ্য করে ডিজিটাল মাধ্যমে তথ্যভিত্তিক কনটেন্ট প্রচার করা হবে।
অনুষ্ঠানে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘দালালদের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর কিংবা বঙ্গোপসাগরের ঝুঁকিপূর্ণ সাগরপথ ব্যবহার করে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন, এমনকি প্রাণও হারাচ্ছেন। কোনো সচেতন মানুষ যেন এমন আত্মঘাতী পথ বেছে না নেন, সে জন্য তৃণমূল থেকে শুরু করে বিশ্বজুড়ে থাকা বাংলাদেশি ডায়াসপোরার কাছে নিয়মিত সঠিক তথ্য পৌঁছাতে কাজ করছে ব্র্যাক। প্রবাস কথার সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে বিদেশ গমনেচ্ছুদের কাছে নিরাপদ অভিবাসনের বার্তা পৌঁছাবে এবং মানব পাচার চক্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।’
অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে দর্শককে সচেতন করে তোলার পাশাপাশি বিদেশফেরত প্রবাসীদের টেকসই পুনরেকত্রীকরণেও এই উদ্যোগ সহায়ক হবে উল্লেখ করে প্রবাস কথার প্রকাশক ও সম্পাদক মুনজুরুল করিম বলেন, ‘প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাঁদের কাছে বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছানোই প্রবাস কথার মূল লক্ষ্য। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে আমরা অভিবাসনপ্রত্যাশী তরুণদের কাছে অনিয়মিত অভিবাসনের বাস্তব ঝুঁকি এবং বৈধ প্রক্রিয়ার সুবিধাগুলো তুলে ধরতে চাই। গণমাধ্যম ও উন্নয়ন সংস্থা একসঙ্গে কাজ করলে ঝুঁকিপূর্ণ সাগরপথ বেছে নেওয়ার মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেই আমাদের বিশ্বাস।’
অনুষ্ঠানে ব্র্যাক ও প্রবাস কথার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারত্বের আওতায় আগামী দিনগুলোতে অনুসন্ধানমূলক প্রতিবেদন, ভিডিও তথ্যচিত্র এবং প্রবাসীদের অভিজ্ঞতা নির্ভর সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
এমআইকে/এএম