রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সম্পত্তি ও বিনিয়োগের সুরক্ষায় ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

সম্পত্তি ও বিনিয়োগের সুরক্ষায় ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের দাবি
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) কানাডা শাখার আয়োজনে ‘বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

প্রবাসীদের সহায়-সম্পত্তি, বিনিয়োগসহ বিভিন্ন আইনি সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে বাংলাদেশে একটি ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের জোর দাবি জানিয়েছেন কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কানাডার টরন্টোর ডানফোর্থ এলাকায় ‘বিডি ফিউশন’ এ আয়োজিত এক সেমিনারে বক্তারা এই দাবি তুলে ধরেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি), কানাডা শাখা ‘বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

এইচআরপিবি কানাডা শাখার সভাপতি আফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি  ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, প্রবাসীরা দেশে সম্পত্তি ক্রয় ও বিনিয়োগসহ নানা ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। এইচআরপিবি’র পক্ষ থেকে এসব ক্ষেত্রে আইনি সহায়তা প্রদান অব্যাহত থাকলেও, প্রচলিত আইনি কাঠামোর দীর্ঘসূত্রিতার কারণে প্রবাসীরা অনেক সময় ন্যায়বিচার ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি সতর্ক করে বলেন, দ্রুততম সময়ে প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তি করে তাদের মনে আস্থা ফেরাতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন অত্যন্ত জরুরি। নতুবা দেশে প্রবাসীদের বিনিয়োগ ও রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে, যা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। অবিলম্বে এই ট্রাইব্যুনাল গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।

সভাপতির বক্তব্যে আফিয়া বেগম বলেন, কানাডায় বসবাসকারী প্রবাসীরা দেশে তাদের সহায়-সম্পত্তি বা বিনিয়োগের ক্ষেত্রে প্রায়ই নানা জটিলতায় পড়েন। এসব সমস্যা দ্রুত সমাধানে ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় একটি বিশেষ ট্রাইব্যুনাল এখন সময়ের দাবি।

সেমিনারে বক্তারা প্রবাসীদের আইনি প্রতিকার সহজলভ্য করার ওপর জোর দেওয়ার পাশাপাশি, কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মৌলিক অধিকার নিশ্চিতে কানাডা সরকারেরও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এইচআরপিবি কানাডা শাখার সাধারণ সম্পাদক সালমান আরেফিনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সংগঠনের কানাডা শাখার ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ উদ্দিন, কানাডার ডিপ্লোম্যাটিক প্রটোকল কনসালটেন্ট রশিদ খান, কমিউনিটি নেতা ব্যারিস্টার আলমগীর, মন্ট্রিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. মোরসালিন, ক্লাইমেট চ্যানেলের সিইও সঞ্জয় চাকি এবং লিবারেল পার্টি অব কানাডার ভাইস প্রেসিডেন্ট এহসানুল হাফিজ প্রমুখ।

আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর