Dhaka Mail Logo

রাজনীতি

গৃহযুদ্ধের পাঁয়তারা হলে জনগণের ঐক্য আরও শক্তিশালী হবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বাংলাদেশে গত ১৭ বছর মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও নির্বাচিত সরকারের জন্য আন্দোলন করেছে। এখন কোনো পক্ষ নতুন করে গৃহযুদ্ধ বা অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করতে চাইলে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে হত্যা, সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

সাইফুল হক বলেন, ‘পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে চোরাগোপ্তা পথে নয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে ফিরতে হবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশ্নে দেশের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা আরও সংহত করতে হবে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিষয়টিকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে চলবে না, এর রাজনৈতিক দিকও বিবেচনায় নিতে হবে।’

এ সময় ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার ফেরত পাঠাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আত্মসমর্পণ করে আইনের মুখোমুখি হওয়ার পথও শেখ হাসিনার জন্য খোলা রয়েছে বলেও জানান তিনি।

নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে পুরানা পল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে পুরানা পল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সাইফুল হক বলেন, ‘শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় যে সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘সন্ত্রাস করে যেভাবে ফেরার চেষ্টা করছেন, বাংলাদেশে এভাবে অতীতে কেউ ফিরতে পারেনি, আপনারাও পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আইসিটি মামলায় আত্মপক্ষ সমর্থন ও আত্মসমর্পণের সুযোগ থাকার সময় তা গ্রহণ করা হয়নি। এখন বাংলাদেশে ফিরতে হলে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণের পথেই আসতে হবে।’

ভারত সরকারের উদ্দেশে সাইফুল হক বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে বাংলাদেশে যেসব সন্ত্রাসী তৎপরতা চলছে, তার বিষয়ে ভারত সরকার অবগত কি না তা পরিষ্কার করা দরকার।’

তিনি বলেন, ‘একদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে বন্ধুত্ব ও সমমর্যাদার সম্পর্কের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় ভূখণ্ডে আশ্রয় পাওয়া একজন পতিত সরকার প্রধানের রাজনৈতিক ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হলে সেটি বন্ধুত্বের নমুনা হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘ভারত সত্যিই যদি বন্ধুত্ব চায়, মিত্রতা চায়, তাহলে আইন মেনে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে পারেন, সেই ব্যবস্থা করা উচিত।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্ব ও কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলমের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক তুহিন রহমান, ঢাকা মহানগর উত্তর বিপ্লবী যুব সংহতির সভাপতি মো. ইব্রাহিম হোসেন রনি, পার্টির সদস্য মোহাম্মদ আলী, আরিফ ইসলাম, নান্টু দাস প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এএম/এএম