পুরোনো ফ্যাসিবাদ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্মও হতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লব হয়েছে চিরতরে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য। এটাই জুলাই বিপ্লবের অংশীজনদের অভিন্ন প্রত্যয়।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারকে গণপ্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি; বরং বাংলাদেশকে অনিরাপদ অবস্থায় রেখে পালিয়ে গেছে।’
তিনি অভিযোগ করেন, ‘ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আগুন সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। গণহত্যার আসামি হিসেবে তাকে দেশে এনে আদালতের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।’
খেলাফত মজলিসের আমির বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের পরিবার আজও স্বজন হারানোর বেদনা বহন করছে। জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীকে বিচারের আওতার বাইরে রাখার সুযোগ নেই।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিতে হবে। ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পূর্ণাঙ্গ সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।’
সমাবেশে বিশেষ অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদী নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসুক—আমরাও চাই। তবে তিনি আসবেন বন্দি বেশে, গণহত্যার বিচারের মুখোমুখি হতে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে শাপলা চত্বর, পিলখানা, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তবে সেই সম্পর্ক হতে হবে আত্মমর্যাদা ও সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা আওয়ামী লীগকে উসকানি দেওয়ার পদক্ষেপ জনগণ মেনে নেবে না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও সরকারের বিভিন্ন পর্যায়ে থাকা আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ করতে হবে।’
মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরোধ মূলত ক্ষমতাকেন্দ্রিক; কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের বিরোধ আদর্শিক। তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলের সব হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ঐকমত্য প্রকাশ করেছে। সরকার যদি জাতীয় ঐক্য চায়, তাহলে জনগণের সেই রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জাতীয় ঐক্যের আহ্বান কার্যকর ফল বয়ে আনবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি বলেন, ‘ফ্যাসিবাদী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ, সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, মাওলানা আব্দুল কাদেরসহ কেন্দ্র ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।
এএম




