বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগের ষড়যন্ত্রে আর কোনো কাজ হবে না। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্নিসন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘বোমা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ কবিতা পাঠ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, যে দেশের সাহিত্যিক, কবি, লেখক রাস্তায় নেমে আসেন, সেখানে আর ষড়যন্ত্র ঠাঁই পায় না, টিকে থাকতে পারে না। আজকে যখন আপনারা আপনাদের সাধনা, আপনাদের সময়কে দেশের মর্যাদার ঊর্ধ্বে না নিয়ে দেশকে বুকে টেনে নিয়েছেন, তখন পার্শ্ববর্তী দেশ যত ষড়যন্ত্রই করুক না কেন, আওয়ামী লীগ যত ষড়যন্ত্রই করুক না কেন, কোনো কিছুতেই কাজ হবে না।
আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, যারা অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সীমান্তের ওপারে নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্র সফল হবে না। শেখ হাসিনার শাসনামলে হত্যাকাণ্ডের পাশাপাশি দেশের সম্পদ ও অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি আইনের আওতায় এনে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। একটি গোষ্ঠী মানুষের নিরাপত্তা ধ্বংস করার জন্য সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও আক্রমণ করছে। আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব রাজনৈতিক দল, কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের এক কাতারে দাঁড়িয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশকে নিয়মকানুন ও শৃঙ্খলার মধ্যে আনা গেলে দেশটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। গত ৫৫ বছর ধরে তারা এই লড়াই করছেন। গণতন্ত্র ও স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলেন।
দেশবাসীর জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিরলসভাবে চেষ্টা করেছেন। তাদের পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের স্বার্থ, দেশের স্বার্থ ও গরিব মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আপনারা দেখেছেন গত ২৪ সালে ৫ আগস্ট একজন নেত্রী বাংলাদেশে তো নয়ই, বিশ্বেও এমন কাপুরুষের দৃষ্টান্ত বিরল। তিনি মাত্র এক সেকেন্ডের মধ্যে পালিয়ে গেছেন। অর্থাৎ, এত দুর্বল এবং মানুষের ওপর এতটা নিষ্ঠুর আচরণকারী শাসক পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। তিনি শুধু মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডই ঘটাননি, এ দেশের শত শত কোটি টাকার সম্পদ ও অর্থ বিদেশে পাচার করেছেন।
তিনি নিজে, তার বোন শেখ রেহানা এবং পরিবারের অন্য সদস্যরাও এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এখন এই সরকার পাচার করা সেই সম্পদ দেশে ফিরিয়ে আনা চেষ্টা করছেন।’
জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগের প্রশংসা করে দুদু বলেন, কবিতা পাঠের মধ্য দিয়ে কবি-সাহিত্যিকেরা যে প্রতিবাদ জানিয়েছেন, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে একটি বার্তা। এ জন্য আয়োজকদের ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহিদ আজাদ। প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কবি সৈয়দ রনো ও কবি সাজেদা হেলেন।
এমএইচএইচ/এআরএম




