Dhaka Mail Logo

রাজনীতি

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকাতে হবে: সেলিম উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের চলমান পরিস্থিতিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা দেশের মানুষ স্মরণ রাখবে। দেশের পরিবর্তন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতেও ইসলামী ছাত্রশিবির বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সাহসিকতা, ত্যাগ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে ছাত্রসমাজকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে ছাত্র ও যুব দায়িত্বশীলদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, মহানগরী জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইম, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি মুহিবুল্লাহ হুসাইনী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সভাপতি রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদার এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ছাত্র ও যুব দায়িত্বশীলরা।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামী দিনে ঢাকা উত্তর সিটিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। নগরবাসীর কাছে সহজে ও দ্রুত নাগরিক সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল অ্যাপভিত্তিক সেবাব্যবস্থার প্রসার ঘটাতে হবে।

তিনি ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর প্রয়োজনীয় সেবা সহজলভ্য করার পরিকল্পনার কথা তুলে ধরেন। অ্যাপটির সেবা ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্র ও যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমিয়ে একটি অত্যাধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় ছাত্র ও যুব দায়িত্বশীলরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

টিএই/এএম