মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগের নাশকতা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের যুব বিভাগের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

আ.লীগের নাশকতা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের যুব বিভাগের বিক্ষোভ
রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের বিক্ষোভ মিছিল।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১ এ এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর-১-এর সনি মোড় থেকে শুরু হয়ে মিরপুর-১০ গোলচত্বর প্রদক্ষিণ শেষে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচির প্রধান অতিথি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ফ্যাসিবাদ ফিরে আসার আর কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষ আর ফ্যাসিবাদকে গ্রহণ করবে না। ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হবে, নতুন করে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেওয়া যাবে না।’

জামায়াতের এই নেতা বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম করা হয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছিল আয়নাঘর। একই সঙ্গে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে রাজনীতি, সংসদীয় ব্যবস্থা ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান পরিবর্তনসহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা তারা করেনি।’

তিনি বলেন, ‘এর পরিণতিতে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের আন্দোলনে প্রায় ১৪০০ মানুষের শাহাদাত এবং হাজার হাজার মানুষের আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে আল্লাহ এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দলের প্রধান, নেতা-নেত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা বিরল। পালিয়ে গিয়ে তারা ভালোই করেছিলেন। কিন্তু পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে সেখান থেকে একের পর এক উসকানি দিচ্ছেন। মেরে ফেলা, কেটে ফেলা, জ্বালিয়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ কয়েক দিনে আবারও তাণ্ডব চালানো হয়েছে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটেছে। চলন্ত যানবাহনের যাত্রীদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ, চালক হত্যা ও লুটতরাজের মধ্য দিয়ে মানুষ আবারও ফ্যাসিবাদের সেই চিত্র দেখছে।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সর্বস্তরে সংস্কার। সেই সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় এমন মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হবে।’

বর্তমান সরকারের সমালোচনা করে এহসানুল জুবায়ের বলেন, ‘যারা এখন সরকারে আছেন, তারা গণভোট ও সংস্কারের পক্ষে কথা বলেছেন। কিন্তু ক্ষমতায় এসে আবারও জাতির সামনে ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের বসানো হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন হয়েছিল। মুখে শতভাগ সংস্কারের কথা বললেও কার্যত তারা সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন।’

তিনি আরও বলেন, ‘এখন সরকারের জাতীয় ঐক্যের কথা মনে পড়েছে। সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর সংসদ নেতাও ঐক্যের কথা বলেছেন এবং জুলাইয়ের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু জুলাইয়ের শক্তির সঙ্গে সরকার কখনো ভালো ব্যবহার করেনি। জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো রাস্তায় ঘুরছেন। জুলাই জাদুঘরকে দলীয় জাদুঘরে পরিণত করা হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ নয়, এখন ‘সবার আগে বিএনপি’ হয়ে গেছে। সবার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। জুলাই এ কারণে হয়নি।’

জামায়াতের এই নেতা বলেন, ঐক্যের আহ্বানকে তারা সাধুবাদ জানান। তবে শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না, সংস্কার কার্যক্রমও বাস্তবায়ন করতে হবে। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ৩৩টি দল আলোচনা করে যে সংস্কার প্রস্তাব তৈরি করেছে, তা বাংলাদেশের ইতিহাসের অন্যতম উত্তম ব্যবস্থা। স্বাধীনতা বজায় রাখা, সন্ত্রাস ও বৈষম্য দূর করার জন্য এই প্রস্তাবের আলোকে দেশ গড়ে তুলতে হবে।

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। একেক মন্ত্রী একেক কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুই-একটি ককটেল ফুটলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যাবে না। কিন্তু কতগুলো ককটেল ফুটলে পরিস্থিতির অবনতি বলা যাবে, তা তিনি বলেননি। তার দলের সংসদ সদস্যরা ঘরছাড়া, বাড়িছাড়া। জনগণের ওপর ক্র্যাকডাউন হচ্ছে। তাহলে কখন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্বীকার করবে?’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে। সরকারি দল ছলে-বলে-কৌশলে তাদের নিজেদের ছত্রছায়ায় রেখেছে। এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে হবে। যারা মা-বোনদের এতিম করেছে, ভাইদের হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে এবং দেশের অর্থনীতি ও ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে, তাদের সঙ্গে জাতি আপস করবে না।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করাই বর্তমান সমস্যার একমাত্র সমাধান। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট গত সাত মাস ধরে আন্দোলন করে আসছে। সর্বশেষ ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে, এই দাবি কোনো একক দল বা জোটের নয়, এটি দেশবাসীর দাবি।’

তিনি বলেন, ‘সাত দফা দাবির মূল কথা হচ্ছে, গণভোটের গণরায়ের আলোকে বাংলাদেশের সার্বিক সংস্কার করে দেশকে স্বাধীন, সার্বভৌম, আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলা। ফ্যাসিবাদ, সন্ত্রাস, বৈষম্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তাদের আন্দোলন।’

যুব বিভাগের নেতা-কর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায়ের আলোকে বাংলাদেশ গড়ে না তোলা পর্যন্ত তাদের পদযাত্রা ও আন্দোলন অব্যাহত থাকবে। ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে।’

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি যুবনেতা ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন, মহানগরী যুব বিভাগের সহসভাপতি ডা. মঈন উদ্দিন, হাসানুল বান্না চপল ও নাসির উদ্দিন খান সজল প্রমুখ।

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর