নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও সব ধরনের নিপীড়ন বন্ধে সরকারসহ সমাজের সব অংশীজনকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে দলটি।
বুধবার (২৫ নভেম্বর)আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নারীরা সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নে অবদান রাখছেন। সামাজিক অগ্রযাত্রায় তাদের অবদানের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। তবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। নারীদের মৌলিক মানবিক অধিকার ও আত্মমর্যাদা নিয়ে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ, সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নারীদের ওপর সহিংসতা, নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিভিন্ন দেশের সরকার ও সামাজিক সংগঠন নারীদের সহায়তায় এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়। নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে শুধু নির্যাতন বন্ধই হবে না, বরং সমাজে স্থিতিশীলতা, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠাও সহজ হবে।
নারী নির্যাতন প্রতিরোধে নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রের পাশাপাশি গণপরিবহনসহ জনপরিসরে নারীদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
বিবৃতিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের পটভূমি তুলে ধরে তিনি বলেন, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনের কারণে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে হত্যা করা হয়। এ ঘটনার প্রেক্ষাপটে ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি দেয়। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখনো ধর্ষণ, হত্যা ও অন্যান্য নিপীড়ন থেকে মুক্তি পাননি নারীদের বড় একটি অংশ। দেশের বিভিন্ন কলকারখানায় কর্মরত নারীরাও নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। এসব নিপীড়ন ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধে সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও দেশবাসীর প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
টিএই/এসআই




