মাহফুজ উল্লাহ হিমু
২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
একসময় দেশের রাজনীতিতে দাপটের সঙ্গে থাকা জাতীয় পার্টি এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ সামরিক শাসনের মাধ্যমে প্রায় নয় বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন। সে সময় তার নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটির নির্বাচনি শক্তি কমেছে, নেতৃত্বের দ্বন্দ্বে বারবার ভাঙন ধরেছে। সবশেষ আওয়ামী লীগ সরকারের আমলে ‘গৃহপালিত বিরোধী দল’ তকমা পাওয়া দলটি জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় আরও চাপে পড়েছে।
সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব হারিয়েছে জাতীয় পার্টি। ১৯৯টি আসনে প্রার্থী দিয়ে দলটি পেয়েছে মোট ভোটের মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ। কোনো আসনেই জয় পায়নি। সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচিতেও নেই তারা। তবে এর কারণ হিসেবে কর্মসূচি পালনে বাধার মুখে পড়ার অভিযোগ করছে দলটি। দুই-একজন নেতা ছাড়া টেলিভিশনের টকশোতেও দলটির নেতাদের উপস্থিতি আগের তুলনায় কম।
একসময় সংসদ ও রাজপথে প্রভাব রাখা দলটির এখন কোথাও আগের মতো উপস্থিতি নেই। নেতৃত্বের বিরোধ, নির্বাচনি ব্যর্থতা এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের কারণে তৈরি হওয়া বিতর্ক—সব মিলিয়ে জাতীয় পার্টি এখন রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জের মুখে।
নির্বাচনি সাফল্য থেকে ক্রমাগত পতন
১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচনেই বড় সাফল্য পায় হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। ওই বছরের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে জয় পায় দলটি। ১ কোটি ২০ লাখ ৭৯ হাজার ২৫৯ ভোট পেয়ে দলটির ভোটের হার ছিল ৪২ দশমিক ৩৪ শতাংশ।
এর দুই বছর পর ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে আরও বড় সাফল্য পায় জাতীয় পার্টি। ওই নির্বাচনে ২৫১টি আসনে জয়ী হওয়ার পাশাপাশি ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ১৩৩ ভোট পায় দলটি। ভোটের হার দাঁড়ায় ৬৮ দশমিক ৪৪ শতাংশে। তবে ওই নির্বাচন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ অধিকাংশ বিরোধী দল বর্জন করেছিল।
১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর নির্বাচনি রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান বদলাতে শুরু করে। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দলটি ৩৫টি আসন পায়। ভোট পায় ১১ দশমিক ৯২ শতাংশ। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন বর্জন করলেও একই বছরের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩২টি আসনে জয় পায় জাতীয় পার্টি। ওই নির্বাচনে ৬৯ লাখ ৫৪ হাজার ৯৮১ ভোট পেয়ে দলটির ভোটের হার দাঁড়ায় ১৬ দশমিক ৪০ শতাংশে।
২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ১৪টি আসন পায়। দলটির ভোটের হার ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। এ নির্বাচনে জাতীয় পার্টির অন্য অংশগুলোও আলাদাভাবে অংশ নেয়। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নেয় নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির একটি অংশ।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হিসেবে অংশ নেয় এরশাদের জাতীয় পার্টি। ওই নির্বাচনে দলটি ২৭টি আসনে জয়ী হয়। ভোট পায় ৭ দশমিক ০৪ শতাংশ।
এরপরের নির্বাচনগুলোতে আসন ও ভোট—দুই ক্ষেত্রেই দলটির অবস্থান দুর্বল হতে থাকে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ অধিকাংশ বিরোধী দল অংশ নেয়নি। ওই নির্বাচনে জাতীয় পার্টি ৩৪টি আসনে জয় পায়। ভোটের হার ছিল ৭ শতাংশ। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দলটির ভেতরেও টানাপোড়েন দেখা দেয়। এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলের একটি অংশ শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়। একই নির্বাচনে জাতীয় পার্টির কয়েকজন নেতা মন্ত্রিসভায়ও যোগ দেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২২টি আসন পায়। ওই নির্বাচনে দলটির ভোটের হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার পরও আসনসংখ্যা কমে যায় দলটির।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আসন আরও কমে ১১টিতে দাঁড়ায়। ওই নির্বাচনে দলটি মোট ভোটের ৩ দশমিক ৪১ শতাংশ পায়। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েও প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি।
সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও বড় বিপর্যয়ের মুখে পড়ে জাতীয় পার্টি। ১৯৯টি আসনে প্রার্থী দিয়ে দলটি মোট ৬ লাখ ৬২ হাজার ৪২৮ ভোট পায়। মোট ভোটের হিসাবে দলটির প্রাপ্ত ভোটের হার মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ। একইসঙ্গে কোনো আসনেই জয় পায়নি দলটি।
একসময় ৬৮ দশমিক ৪৪ শতাংশ ভোট পেয়ে ২৫১টি আসনে জয়ী হওয়া জাতীয় পার্টির ভোটের হার চার দশকের ব্যবধানে এক শতাংশের নিচে নেমে এসেছে। সংসদে প্রতিনিধিত্বও নেমেছে শূন্যে। নির্বাচনি রাজনীতিতে দলটির এই পতন শুধু আসন হারানোর হিসাব নয়, জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব কমে যাওয়ারও ইঙ্গিত দিচ্ছে।
তবে এবারের নির্বাচনের ফল নিয়ে ভিন্নমত রয়েছে জাতীয় পার্টির। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মনে করেন, ভোটের হিসাবে কারসাজি করে দলটিকে কোনো আসন না পাওয়া এবং এক শতাংশের কম ভোট পাওয়ার পরিস্থিতিতে ফেলা হয়েছে।
ঢাকা মেইলকে তিনি বলেন, “যেসব এলাকায় জাতীয় পার্টির উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে বলে আমরা মনে করি, সেখানকার ফলাফলের সঙ্গে ভোটের হিসাবের সামঞ্জস্য পাওয়া যায়নি। আমার ধারণা, এখানে ভোটের ফলাফল ও টেবিল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে যে, জাতীয় পার্টি নির্বাচনে কোনো আসন পাবে না এবং ১ শতাংশ ভোটও পাবে না।”

নেতৃত্বের দ্বন্দ্বে বারবার ভাঙন
নির্বাচনি শক্তি কমার পাশাপাশি নেতৃত্বের বিরোধেও বারবার বিভক্ত হয়েছে জাতীয় পার্টি। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর থেকেই দলটিতে ভাঙনের শুরু। নেতৃত্ব নিয়ে বিরোধ, দলীয় সিদ্ধান্তে মতপার্থক্য এবং আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রশ্নে বিভিন্ন সময়ে পৃথক দল ও উপদল তৈরি হয়েছে।
এরশাদের পতনের পর শামসুল হুদা চৌধুরী ও এম এ মতিনকে ঘিরে দলের ভেতরে বিরোধ তৈরি হয়। পরে এম এ মতিনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি নামে পৃথক দল গড়ে ওঠে। এর মধ্য দিয়ে জাতীয় পার্টির প্রথম বড় বিভক্তি ঘটে।
১৯৯৭ সালে দলটি আবারও বিভক্ত হয়। আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতা এবং এরশাদের অবস্থান নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহিদুল ইসলাম আলাদা অবস্থান নেন। তাদের নেতৃত্বে জাতীয় পার্টি-জেপি গঠিত হয়।
২০০১ সালের নির্বাচনের আগে নাজিউর রহমান মঞ্জু এরশাদের নেতৃত্ব থেকে বেরিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) গঠন করেন। তিনি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে যোগ দেন। পরে তার ছেলে আন্দালিব রহমান পার্থ দলটির নেতৃত্বে আসেন।
২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে বড় ধরনের বিভক্তি তৈরি হয়। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এরশাদ ও দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও দলের একটি অংশ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নেয়। এ পরিস্থিতিতে কাজী জাফর আহমদ এরশাদের নেতৃত্বের বিরোধিতা করে পৃথক জাতীয় পার্টি গঠন করেন।
২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর দলটির নেতৃত্ব নিয়ে নতুন করে বিরোধ শুরু হয়। এরশাদের ভাই জি এম কাদের ও স্ত্রী রওশন এরশাদের মধ্যে এই বিরোধ ক্রমে প্রকাশ্য রূপ নেয়। বিশেষ করে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের দূরত্ব বাড়ে। একপর্যায়ে রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। পরে তার নেতৃত্বে পৃথক সম্মেলন ও কমিটি গঠন করা হয়। এতে দলটি জি এম কাদের ও রওশন এরশাদপন্থী দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে।
সর্বশেষ ২০২৫ সালের ৯ আগস্ট জাতীয় পার্টিতে আরেক দফা বিভক্তি দেখা দেয়। জি এম কাদেরের নেতৃত্বের বিরোধিতা করে দলের একাংশ পৃথক জাতীয় সম্মেলনের আয়োজন করে। ওই সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়। মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদসহ দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা এই অংশের সঙ্গে যুক্ত হন।
দীর্ঘদিনের এই বিভক্তি দলটির সাংগঠনিক শক্তিকে দুর্বল করেছে। একসময় এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকা দলটি এখন একাধিক অংশে বিভক্ত। কোন অংশ প্রকৃত জাতীয় পার্টি, নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে দলটির ভেতরেও বিরোধ রয়েছে।

‘গৃহপালিত বিরোধী দল’ তকমা, জুলাইয়ের পর নিষিদ্ধের দাবি
আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করলেও দলটির রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়া এবং সংসদে দলটির অবস্থানের কারণে রাজনৈতিক অঙ্গনে ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে পরিচিতি পায় জাতীয় পার্টি।
বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তকে সমর্থন ও নির্বাচনি বৈধতা দিতে ভূমিকা রেখেছে বলে অভিযোগ ছিল বিএনপিসহ বিরোধী দলগুলোর। ২০১৪ সালের নির্বাচনে দলটির একাংশ অংশ নিলেও এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। পরে তার অবস্থানের বিপরীতে দলের নেতারা নির্বাচনে অংশ নেন। একই নির্বাচনে জাতীয় পার্টির কয়েকজন নেতা মন্ত্রিসভায় যোগ দেন। ফলে সংসদে বিরোধী দল এবং একই সঙ্গে সরকারে অংশীদার হিসেবে দলটির অবস্থান নিয়ে সমালোচনা তৈরি হয়।
২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেয় জাতীয় পার্টি। ২২টি আসনে জয় পেয়ে সংসদে বিরোধী দলের আসনে বসলেও সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতার কারণে দলটির স্বতন্ত্র বিরোধী ভূমিকা নিয়ে প্রশ্ন অব্যাহত থাকে।
২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করে অংশ নেয় দলটি। বিএনপিসহ অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় এবং ১১টি আসনে জয় পায়। এই নির্বাচনে অংশগ্রহণের কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাচনব্যবস্থাকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে বলে অভিযোগ ওঠে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় পার্টির বিরুদ্ধে সমালোচনা আরও জোরালো হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার ঘটনায় দলটির রাজনৈতিক দায় নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোতে অংশ নিয়ে জাতীয় পার্টি কার্যত ক্ষমতাসীনদের রাজনৈতিক বৈধতা দেওয়ার কাজ করেছে। দলটির নেতারা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ২০২৪ সালের ৩১ অক্টোবর। ওই দিন রাজধানীর বিজয়নগরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী এবং ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
এরপরও দলটির বিরুদ্ধে নিষিদ্ধের দাবি অব্যাহত থাকে। ২০২৫ সালের ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন আহত হন। পরদিন ৩০ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
>> আরও পড়ুন
একই বছরের ৫ সেপ্টেম্বর শাহবাগে আয়োজিত সমাবেশ থেকেও জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী হিসেবে অভিযুক্ত ১৪টি দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। ওই দিন সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোর অবস্থানেও পার্থক্য দেখা যায়। এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাদের কেউ কেউ দলটিকে আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে নিষিদ্ধের পক্ষে অবস্থান নেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক দলের ভূমিকা ও দায় নির্ধারণে বিচারিক প্রক্রিয়ার কথা বলা হয়।
এসব ঘটনার বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় দলটির কর্মসূচি পালনে প্রশাসনিক বাধা দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে প্রশাসনের অসহযোগিতাও পাচ্ছেন তারা। তবে এসব বাধা অতিক্রম করেই দলটি সামনে এগিয়ে যাবে বলে জানান তিনি।
সংসদের বাইরে, মাঠেও অনিশ্চয়তা
নির্বাচনে ভরাডুবি, নেতৃত্বের বিভক্তি ও রাজনৈতিক চাপের মধ্যে জাতীয় পার্টি এখন মাঠের রাজনীতিতে নিজেদের অবস্থান ফেরানোর কথা বলছে। তবে এখনও মাঠের রাজনীতিতে দলটির দৃশ্যমান বড় কোনো কর্মসূচি দেখা যায়নি। বরং রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে সামনে জেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেওয়ার পরিকল্পনার কথা বলছেন নেতারা।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা এখনও মাঠপর্যায়ের কোনো কর্মসূচি ঘোষণা করিনি। সামনে আমাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমরা রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে একপর্যায়ে মাঠের কর্মসূচি অবশ্যই দেব। জেলা ও বিভাগীয় পর্যায়ে আমাদের কর্মসূচি থাকবে।
বর্তমান সংসদে জাতীয় পার্টি না থাকাকেও দলটির রাজনৈতিক সংকটের একটি বড় দিক হিসেবে দেখছেন তিনি। তবে তার দাবি, জাতীয় পার্টি সংসদে না থাকায় সংসদও ক্ষতিগ্রস্ত হয়েছে। দলটি সংসদে থাকলে আলোচনা আরও প্রাণবন্ত ও বস্তুনিষ্ঠ হতো এবং দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতা কাজে লাগানো যেত।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা মনে করি, বর্তমান সংসদে জাতীয় পার্টি নেই; এটি বাস্তবতা। আমাদের এ বাস্তবতা মেনে নিতে হবে। তবে জাতীয় পার্টি সংসদে না থাকায় সংসদও তার কার্যকারিতা অনেকাংশে দেখাতে পারছে না। জাতীয় পার্টি থাকলে সংসদ আরও প্রাণবন্ত হতো, বস্তুনিষ্ঠ আলোচনা হতো এবং দলটির দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতা কাজে লাগত।
জাতীয় পার্টিকে সংসদে আসতে না দেওয়ায় সংসদ ও সরকার—উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক সংসদ দেখতে চান বলেও জানান।
>> আরও পড়ুন
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে অর্থনীতিও সংকটে পড়বে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সব পক্ষের সঙ্গে আলোচনা করে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি বড় ধরনের সংকটের দিকে যাচ্ছে। সরকার যদি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা মনে করি, সব পক্ষের সঙ্গে আলোচনা করে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। দেশে শান্তি না ফিরলে অর্থনৈতিক স্থিতিশীলতাও আসবে না।”
এসব বিষয় নিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য কর্মসূচি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তারা আলোচনা করছেন, সামনে কর্মসূচি ঘোষণা করা হবে।
এমএইচ/এএস