Dhaka Mail Logo

রাজনীতি

শামীম ওসমানের ‘ক্যানসার চতুর্থ স্টেজে’

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত বলে নিজেই দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।  ক্যানসার এখন ‘চতুর্থ স্টেজে’ রয়েছে বলেও দাবি তার।

২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন শামীম ওসমান। পরে গোপনে দেশের বাইরে চলে যাওয়ার কথা জানা যায়। তার বিরুদ্ধে জুলাই গণহত্যার পাশাপাশি বিভিন্ন মামলার বিচার চলছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান ব্যাপক আলোচিত-সমালোচিত এই নেতা।

টকশোতে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’

নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরে আওয়ামী লীগের সমালোচনাও করেন তিনি।

তিনি বলেন, ‘একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।’

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’

এএম