নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান ও শারীরিক অসুস্থতার কথা সামনে এলেও তার আকস্মিক পদত্যাগের পেছনে রাজনৈতিক অসন্তোষের বিষয়টিও আলোচনায় এসেছে। বিশেষ করে সরকার গঠনের পর মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নিয়ে তার মধ্যে কিছুটা ক্ষোভ ছিল বলে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাতে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি পেয়েছেন এবং বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করেছেন। একই সঙ্গে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার।
আরও পড়ুন
পদত্যাগপত্রে যা বললেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন ওসমান ফারুক। সংসদ সচিবালয় ও তার ব্যক্তিগত সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য তিনি বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় চার মাস ধরে দেশের বাইরে রয়েছেন তিনি। দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনেই সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি ওসমান ফারুক। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের কথা জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।
তবে অসুস্থতার বাইরেও তার পদত্যাগের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, সরকার গঠনের পর মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল। রাষ্ট্রপতি ও স্পিকারের আলোচনায়ও তিনি ছিলেন। তবে শেষ পর্যন্ত কিছুই পাননি তিনি। তার পদত্যাগের সিদ্ধান্তে এই বিষয়টিরও ভূমিকা থাকতে পারে বলে সূত্রটি ইঙ্গিত দিয়েছে।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওসমান ফারুক নিজেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। ফলে অসুস্থতার বাইরে অন্য কোনো কারণ তার পদত্যাগের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তাছাড়া তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদ ছাড়েননি।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর দেশে ফেরেন ওসমান ফারুক। পরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ত্রয়োদশ সংসদে তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যও ছিলেন।
জেবি