Dhaka Mail Logo

রাজনীতি

আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মিরপুর-১০ গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিরপুর-১৩ প্রদক্ষিণ করে পুনরায় মিরপুর-১০ গোলচত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে এবং সেক্রেটারি কবিরুল ইসলাম রাজুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

সমাবেশে মুহিব্বুল্লাহ আল হুসাইনি বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য বর্তমান সরকারের প্রশাসন সরাসরি দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছেন। অনেক জায়গায় আপসের গন্ধ পাওয়া যাচ্ছে। সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আবারও সুযোগ করে দিতে চায়।

তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে দিন দিন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে। ক্ষমতা ও জনতার মধ্যে ভারসাম্য রক্ষার পরিবর্তে সালাহউদ্দীন সাহেব ক্ষমতার অপব্যবহারকেই প্রাধান্য দিচ্ছেন। ক্ষমতা ও জনতার এই সমীকরণে জনতার পক্ষে কথা বলার আহ্বান জানান তিনি।

এস এম ফরহাদ বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ যতটা দায়ী, এসব ঘটনা প্রতিরোধে প্রশাসনের দায়বদ্ধতা তার চেয়েও বেশি। এ ক্ষেত্রে প্রশাসনকে সরাসরি ব্যর্থ বলে মনে করে ছাত্রশিবির।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতের সীমান্ত দিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তাকে সাদরে গ্রহণ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দমনে বর্তমান সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার আরও কার্যকর ভূমিকা রাখতে পেরেছিল বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্রশিবিরের প্রচার সম্পাদক বলেন, এর অর্থ কি এই যে, লিখিত চুক্তির মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে? সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের দমন করতে না পারলে দায়িত্ব ছেড়ে জনগণের কাতারে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হামলায় সাধারণ নাগরিকদের আহত হওয়ার ঘটনা অব্যাহত থাকলে আজ আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে করা মিছিল আগামী দিনে ‘বিএনপি সরকার হটাও’ মিছিলে রূপান্তরিত হবে। এ সময় তিনি সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করেন।

টিএই/এসআই