জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে আগামী ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর সফরের বিষয়টি জানানো হয়। এর আগে ৯ নভেম্বর পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।
এহতেশাম হক জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান এহতেশাম হক।
সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন।
যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও মতবিনিময় করবেন এনসিপির আহ্বায়ক। তাঁদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।
সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।
এআর




