জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ফ্যাসিবাদী আমলের’ কর্মকাণ্ড থেকে সরে এসে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।’
সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।
ভেরিফিকেশনের নামে ‘ফ্যাসিবাদী আমলের’ কর্মকাণ্ড পরিত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই সময়ের অনুরূপ যেকোনো কূটতৎপরতা জনগণ সহ্য করবে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়াশ্রমে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই বলে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা।
টিএই/এএম