মুসলমানদের দাড়ি নিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের দেওয়া ‘দাড়িওয়ালাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, দাড়ি মুসলমানদের অন্যতম সুন্নাহ এবং ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ নিয়ে কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এ ধরনের বক্তব্য অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
তিনি বলেন, কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা ধর্মীয় অনুষঙ্গ নিয়ে অবমাননাকর কিংবা কটাক্ষপূর্ণ বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ধর্মীয় অনুভূতির প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। নয়নের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
জুবায়ের বলেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে তার বক্তব্যের জন্য দেশবাসী, বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
একইসঙ্গে বিএনপির হাইকমান্ডকে এ বক্তব্যের বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানান তিনি। জুবায়ের বলেন, বিএনপির পক্ষ থেকে দ্রুত ও স্পষ্ট অবস্থান জানানো না হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে— বিএনপি কি যুবদল নেতা নয়নের এ ধরনের স্লোগান ও বক্তব্যকে সমর্থন করে?
রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশের সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
টিএই/এএইচ




