Dhaka Mail Logo

রাজনীতি

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সেমিনার, মতবিনিময় ও পরিচিতিমূলক সভার আয়োজন করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আয়োজিত মতবিনিময় সভায় তুরস্কের প্রতিনিধিদলের সদস্য এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি।

তিনি নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

নূরুন্নিসা সিদ্দিকা বলেন, তুরস্কের নারী প্রতিনিধিদের বাংলাদেশ সফর দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সভায় ইসলামী ছাত্রীসংস্থার পরিচিতি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

এর আগে, একই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য দেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা।

টিএই/এএম