চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে শি জিনপিংকে উদ্দেশ করে লেখা একটি চিঠি তুলে দেন জামায়াত আমির।
চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
টিএই/এআর




