Dhaka Mail Logo

রাজনীতি

ঠাকুরগাঁও উপনির্বাচনে মনোনয়ন বিক্রি করবে বিএনপি, কোথায় মিলবে ফরম?

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম বিক্রি করা হবে। পরে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে দলটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের এসব সিদ্ধান্ত হয়। বৈঠকের পর দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমাদের দলের সাবেক সন্মান্বিত মহাসচিব এবং মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁ-১ আসনটি শূন্য হয়েছে। এই শূন্য আসনে নির্বাচন হচ্ছে আগামী ২৯ অক্টোবর। এই আসনে যারা দলের প্রার্থী হতে চান, তাদেরকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের জন্য একটি শিডিউল ঘোষণা করছি। আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন যারা প্রার্থী হতে ইচ্ছুক।’

তিনি আরও বলেন, ‘মনোনয়ন ফরম জমা দিতে হবে ১৬ সেপ্টেম্বর এবং প্রার্থীদের সাক্ষাৎকার হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়ন বোর্ড ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন। সেটি হবে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে। সেখানে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।’

এর আগে, এদিন সন্ধ্যা পৌনে ৭টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিহউল্লাহ, ফরহাদ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, ‘বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের যে তিন মাসের অভিযান শুরু হয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছে সেজন্য বৈঠকে তাকে ধন্যবাদ জানানো হয়।’

তিনি বলেন, ‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতার জন্য প্রচারপত্র বিতরণ করবে ঢাকাসহ সারা দেশে। দেশের নামকরা যেসব চিকিৎসক রয়েছেন, বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের নেতৃত্বে এই প্রচারপত্র তৈরি করা হবে। এছাড়া টিভি-বেতারে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য দলের পক্ষ থেকে অনুষ্ঠান প্রচার করা হবে।’

স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে আবর্জনা যাতে একটা বিমের মধ্যে রাখতে পারে সেজন্য বিষয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি।

রিজভী বলেন, ‘দলের যেসব কমিটিগুলো রয়েছে সেখানে অনেকে মারা গেছেন, অনেকে বহিষ্কার হয়েছেন সেই সব শূন্য পদগুলো গঠনতন্ত্র অনুযায়ী পূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিইউ/এএম