images

রাজনীতি

তৃণমূলের মুখোমুখি তারেক রহমান, দেবেন কড়া বার্তা

বোরহান উদ্দিন

০৯ মে ২০২৬, ১১:৩৩ এএম

  • তৃণমূলের সঙ্গে সরাসরি সংলাপ, আসবে আচরণ পরিবর্তনের নির্দেশনা
  • ৯ মন্ত্রীর বিশেষ সেশন, কড়া বার্তা দেবেন তারেক রহমান
  • ক্ষমতা ও সংগঠনের ভারসাম্য আনার চেষ্টা
  • আসবে ‘জুলাই সনদ’ ও অপপ্রচার মোকাবিলার নির্দেশনা

দীর্ঘ ১৭ বছরের রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের পর রাষ্ট্রক্ষমতায় আসীন বিএনপি এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, অন্যদিকে প্রশাসনের গতিশীলতা রক্ষা-এই দুইয়ের সমন্বয়ে দলকে সরকারের পরিপূরক হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই লক্ষ্যকে সামনে রেখেই তৃণমূল নেতাদের মুখোমুখি হচ্ছেন তিনি।

শনিবার (০৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) দিনব্যাপী এক বিশেষ মতবিনিময় সভা চলছে। সরকার গঠনের মাত্র তিন মাসের মাথায় সকাল থেকে শুরু হওয়া সভায় সারাদেশের ৮২টি সাংগঠনিক জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

বিরোধী দলের কঠোর কর্মসূচি আর রাজপথের আন্দোলন পেছনে ফেলে বিএনপি এখন সরকার পরিচালনার আসনে। স্বাভাবিকভাবেই দলটির রাজনীতির গতিপথে পরিবর্তন এসেছে। দলীয় সূত্রে জানা গেছে, এখন লক্ষ্য কেবল ক্ষমতায় থাকা নয়, বরং নির্বাচনি ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সভার মূল উদ্দেশ্য হলো সরকারের ‘পালস অব পলিটিক্স’ বা রাজনীতির স্পন্দন তৃণমূলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া।

11

একইসঙ্গে দল ও সরকারের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয় এবং কর্মীরা যাতে সরকারের উন্নয়ন প্রকল্পের সারথি হতে পারেন, সেই গাইডলাইন দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে গতানুগতিক রাজনৈতিক বক্তৃতার বাইরে অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে একটি কার্যকর কর্মশালা হিসেবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সভায় ৯ জন মন্ত্রী সরকারের ৯টি গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে আলাদা আলাদা সেশনে বক্তব্য রাখবেন। বিষয়গুলোর মধ্যে রয়েছে- সামাজিক নিরাপত্তা ও জনস্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও নির্বাচনি ইশতেহারের বাস্তবায়ন। বিশেষ আলোচিত 'জুলাই জাতীয় সনদ' এর বিস্তারিত রূপরেখা।

এই সেশনগুলোতে তৃণমূল নেতারা সরাসরি প্রশ্ন ও মতামতের সুযোগ পাবেন, যাতে স্থানীয় পর্যায়ে সরকারি নীতির প্রভাব নিয়ে একটি স্বচ্ছ ধারণা তৈরি হয়।

১২টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

9

অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন মাত্র তিনজন জ্যেষ্ঠ নেতা। তারা হলেন- বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালক হিসেবে রয়েছেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সভায় বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন।

বিএনপি নেতারা বলছেন, নির্বাচন-পরবর্তী সময়ে অনেক শীর্ষ নেতা এমপি-মন্ত্রী হওয়ায় মাঠের নেতৃত্বে যে ছন্দপতন লক্ষ্য করা যাচ্ছিল, তা কাটাতে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক রাজনীতিতে ফিরছে বিএনপি।

বিশেষ করে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নেতৃত্ব আসার জোরালো সম্ভাবনা রয়েছে। যুবদলের বর্তমান কমিটির মেয়াদ এক বছর বাকি থাকায় এটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা আসতে পারে। এ ছাড়া দীর্ঘ এক দশক ধরে ঝুলে থাকা বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলের দিনক্ষণ নিয়েও তৃণমূলের মতামত শুনবেন তারেক রহমান।

অন্যদিকে সভায় বিশেষ গুরুত্ব পাচ্ছে বিরোধী শিবিরের অপপ্রচার মোকাবিলা। বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক জবাব দিতে কর্মীদের প্রস্তুত করা হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দেবেন যে বিরোধী দলে থাকাকালীন আচরণের সঙ্গে সরকারি দলের আচরণের পার্থক্য থাকতে হবে। অতিউৎসাহী কেউ যেন সরকারকে বিব্রত করতে না পারে এবং দল ও সরকার যাতে একাকার হয়ে না যায়, সে বিষয়ে কঠোর সতর্কতা দেওয়া হবে।

10

বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ঢাকা মেইলকে বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কর্মীদের দায়বদ্ধতা বাড়াবে এই সভা। সেই নির্দেশনা নিয়ে সারাদেশে নেতাকর্মীরা আগামী দিনে পথ চলবে।

অন্যদিকে অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সেতু হিসেবে কাজ করবে অঙ্গসংগঠনগুলো। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করেই আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের গাইডলাইন আসবে আজকের এই সভা থেকে।

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ঢাকা মেইলকে বলেন, বিএনপির সরকার পরিচালনা করার তিনমাসের মাথায় সারাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান এটা শুধু বৈঠক নয়, সামনের দিনগুলোর পথচলার গাইডলাইন পাওয়া যাবে। সেই নির্দেশনার আলোকে দল এবং সরকার পরিচালনায় সহযোগিতার মানসিকতা নিয়ে আমরা তৃনমূলে কাজ করবো।

বিইউ/এএস