images

রাজনীতি

রেজাউল হত্যা মামলায় আসামিদের আগাম জামিনে জামায়াতের উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২ ফেব্রুয়ারি) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘একটি স্পষ্ট ও আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় এভাবে একসঙ্গে এতজন আসামিকে আগাম জামিন দেওয়া ন্যায়বিচার প্রত্যাশী মানুষকে হতাশ করেছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নির্বাচনি ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে, যা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই গভীর শোক ও বেদনার কারণ। অথচ ঘটনার পরপরই প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দেওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা বাড়াতে পারে এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি অবিলম্বে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জামায়াত প্রত্যাশা করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

টিএই/এমআই