ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক অভিযোগ করে বলেছেন, ‘জামায়াত নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র করছে।’ সোমবার (০২ফেব্রুয়ারি) মিরপুরে গণসংযোগকালে তিনি একথা বলেন।
আমিনুল হক বলেন, ‘তারা (জামায়াত) ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে ভোট জালিয়াতির চেষ্টা করছে এবং বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার মতো প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।’
বিজ্ঞাপন
এসময় জামায়াতকে ‘মিথ্যাচারী’ আখ্যা দিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন বিএনপির এই প্রার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত আমিরের নারীদের নিয়ে ‘কথিত’ স্ট্যাটাসকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের হাতে দেশ ও নারীদের সম্মান কখনোই নিরাপদ হতে পারে না।’
বিজ্ঞাপন
আমিনুল হক বলেন, ‘যেই দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি- তারা আজ বলছে ‘চলো দেশ গড়ি’। এটা হাস্যকর।’
‘যারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের কাছে দেশ হেফাজত নয়। আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ তাদের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেবে,’ যোগ করেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
এসময় নির্বাচনি ইশতেহার তুলে ধরে তার প্রধান দুটি লক্ষ্যের কথা জানান আমিনুল হক।
তিনি বলেন, ‘অর্থের অভাবে মিরপুরের সাধারণ মানুষ যেন শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেটিই হবে আমার মূল কাজ।’
তিনি প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। এছাড়া প্রতিটি দুয়ারে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়া রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
সকাল থেকেই মিরপুর-১২ এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঘরে ঘরে যান আমিনুল হক। তিনি ভোটারদের হাতে ইশতেহার তুলে দেন এবং ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।
বিইউ/এএম

