জহির উদ্দিন বাবর
২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
প্রশ্নের ছড়াছড়ি। বেশির ভাগ প্রশ্নই একটি টিভি শোতে হওয়া আলোচনা থেকে জন্ম নিয়েছে এবং এই প্রশ্নগুলো আমাকে করা হয়েছে, কারণ ওই টিভি শোর সঞ্চালক আমিই ছিলাম। ৯ নভেম্বর ইকবাল দিবস উপলক্ষে জিও নিউজের ‘ক্যাপিটাল টক’-এ সাবেক সিনেটর মুশাহিদ হুসাইন সৈয়দ, আল্লামা ইকবাল ফোরামের প্রধান জুলফিকার চিমা এবং আল্লামা ইকবালের নাতি ওয়ালিদ ইকবালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই দিন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছিলেন যে, আল্লামা ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৭ সালকে ইকবালের বছর হিসেবে পালন করা হবে এবং পাকিস্তানের ভেতরেই নয়, পাকিস্তানের বাইরেও অনুষ্ঠান আয়োজন করা হবে।
অনুষ্ঠানে মুশাহিদ হুসাইন সৈয়দ জানান যে, তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ার রাজনৈতিক দলগুলোর একটি সম্মেলনে অংশ নিয়ে ফিরে এসেছেন। সেখানে তার সঙ্গে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দলের দেখা হয়, যারা মুশাহিদ হুসাইন সৈয়দকে বলে যে, বাংলাদেশে একটি আল্লামা ইকবাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা প্রয়োজন। মুশাহিদ হুসাইন চারবার সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পাক-চায়না ইনস্টিটিউটের প্রধান। তিনি অনেক আগেই এই দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা পরাজিত হবে এবং এই পরাজয়ের পর ২০২৬ সালের নভেম্বরের মিডটার্ম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পও রাজনৈতিক পরাজয়ের সম্মুখীন হবেন। মুশাহিদ হুসাইন সৈয়দের উভয় ভবিষ্যদ্বাণীই সঠিক প্রমাণিত হয়েছে; তাই যখন তিনি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আল্লামা ইকবাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার ইচ্ছার কথা উল্লেখ করলেন, তখন তার কথা শুনে অনেক দর্শক ভাবতে শুরু করেন, বাংলাদেশে আল্লামা ইকবাল এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন কেন?
এই প্রশ্ন আমাকেও অনেকেই করেছে, আল্লামা ইকবাল তো পাকিস্তানের জাতীয় কবি, তাঁর নামে বাংলাদেশে ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠা করা হবে? ঠিক এ ধরনের আরও প্রশ্ন করা হচ্ছিল। ইরানে আল্লামা ইকবাল কেন জনপ্রিয়? তাজিকিস্তানে ইকবালের কবিতা কেন ‘জাতীয় সংগীতের’ মতো গাওয়া হয়? ইকবাল আফগানিস্তানকে কেন এশিয়ার হৃৎপিণ্ড বলেছেন? সৌদি আরব ইকবাল দিবসে কেন একটি বার্তা জারি করেছে? প্রশ্ন অনেক বেশি ছিল আর আমার জ্ঞানগত সামর্থ্য খুবই কম। আমি আল্লামা ইকবালের ব্যাপারে মিথ্যা রচনাকারীদের বৌদ্ধিক অসাধুতা ফাঁস করার চেষ্টা করতে থাকি, কিন্তু নিজেকে শায়ের-ই-মাশরিকের (প্রাচ্যের কবি) চিন্তা ও দর্শনের গভীরতায় আলোচনা করার যোগ্য মনে করি না। আল্লামা ইকবালের চিন্তা ও দর্শন কেবল উপমহাদেশের পাক ও ভারতের মুসলমানদের জন্য ছিল না। তাঁর ফালসাফা-ই-খুদি (আত্মপরিচয় বা স্বত্বার দর্শন) এবং বিপ্লবের বার্তা বিশ্বের প্রতিটি নিপীড়িত মানুষকে নিজের দিকে আকর্ষণ করে।
১০ নভেম্বর ঢাকা থেকে এক সাংবাদিক আমাকে সেখানকার একটি ইংরেজি পত্রিকায় প্রকাশিত খবরের লিংক পাঠান। এই খবরটি ছিল ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল দিবসের একটি অনুষ্ঠান নিয়ে, যার শিরোনাম ছিল ‘হাম আউর ইকবাল ২০২৬’। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং আল্লামা ইকবালের ওপর বেশ কয়েকটি বাংলা বইয়ের লেখক ফাহমিদুর রহমান, আর বক্তাদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানআবাদিও ছিলেন। ওই বাংলাদেশি সাংবাদিক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আল্লামা ইকবাল সম্পর্কে ইরানি রাষ্ট্রদূতের চিন্তাধারা দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন। এই বন্ধু জানতে চাইছিলেন যে আল্লামা ইকবাল সম্পর্কে ইরানের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির বইয়ের ইংরেজি অনুবাদ কোথায় পাওয়া যাবে?
ওই বন্ধুকে খামেনির বই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর পর আমি জিজ্ঞেস করলাম, বাংলাদেশে আল্লামা ইকবাল এত জনপ্রিয় কেন? ওই সাংবাদিক বন্ধু বললেন, বাংলাদেশি তরুণদের মধ্যে আল্লামা ইকবালের জনপ্রিয়তার বিষয়টি তিনি ২০২৫ সালের ২১ এপ্রিল টের পান, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইনকিলাব ছাত্র পরিষদের এক বিশাল সমাবেশে দাবি তোলা হয়- বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের নামে একটি নতুন হল প্রতিষ্ঠা করা হোক। এই দাবির কারণ ছিল ১৯৭১ সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইকবাল হল ছিল, কিন্তু পাকিস্তান দ্বিখণ্ডিত হওয়ার পর ওই ইকবাল হলের নাম পরিবর্তন করে ফেলা হয়। বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে মুসলিম জাতীয়তাবাদের অনুভূতি খুবই গভীর এবং তারা জানে যে অল ইন্ডিয়া মুসলিম লীগ ১৯০৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। তারা এটাও জানে যে, মুসলিম স্বাতন্ত্র্য রক্ষার জন্য একটি পৃথক রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের ধারণাও আল্লামা ইকবালই পেশ করেছিলেন এবং ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর প্রস্তাব পেশ করার গৌরব এ কে ফজলুল হক অর্জন করেছিলেন, যিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী।
১৯৪৭ সালে পাকিস্তান তৈরি হলো এবং ১৯৭১ সালে ভেঙেও গেল, কিন্তু পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে তার মুসলিম স্বাতন্ত্র্যকে বাংলাদেশের রূপে বজায় রেখেছে এবং ভারতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের ধারণা, বাংলাদেশের স্বাধীনতাও আসলে ইকবালের চিন্তার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। কারণ ইকবাল সাম্রাজ্যবাদ থেকে স্বাধীনতার পাশাপাশি জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের বার্তাও দিয়েছিলেন। সিউলে মুশাহিদ হুসাইন সৈয়দ বাংলাদেশের যে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মনিরা শারমিন অন্তর্ভুক্ত ছিলেন।
এই তরুণরা বাংলাদেশে আল্লামা ইকবালের বার্তা জীবিত রাখার জন্য একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চায়। আমার মতে এই প্রতিষ্ঠান গঠনে পাকিস্তান ছাড়াও তুরস্ক, ইরান, মিসর এবং সৌদি আরবও ভূমিকা রাখতে পারে, কারণ ইকবাল মুসলিম বিশ্বের ঐক্যের শিক্ষা দিয়েছেন। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের একটি প্রতিরক্ষা জোট গঠিত হয়ে গেছে। সামনের সময়ে ইরান এবং বাংলাদেশও এই জোটে যুক্ত হতে পারে। আল্লামা ইকবালের কাব্য অনেক আগেই আরবি, তুর্কি এবং বাংলাসহ অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে। বাংলা ভাষার একজন কবি মুহাম্মদ সুলতান ১৯৪৬ সালে ইকবালের ‘শিকওয়া’ ও ‘জওয়াব-ই-শিকওয়া’ কবিতা দুটির বাংলায় অনুবাদ করলে কাজী নজরুল ইসলামের মতো মহান কবি এই অনুবাদের ভূয়সী প্রশংসা করেছিলেন। আল্লামা ইকবাল মুহাম্মদ আলী জিন্নাহকে ১৯৩৭ সালে যে চিঠিগুলো লিখেছিলেন, সেসব চিঠির সমন্বয়ে গঠিত বইয়ের প্রথম বাংলা অনুবাদ খোদ জিন্নাহ ১৯৪৫ সালে প্রকাশ করিয়েছিলেন। ওই চিঠিগুলোতে ইকবাল উত্তর-পশ্চিম ভারতের পাশাপাশি বাংলার মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকেও সমর্থন করেছিলেন। ওই চিঠিগুলোতেই ইকবাল ফিলিস্তিন বিভক্তির বিরোধিতা করেন এবং বলেন যে তিনি ফিলিস্তিনের জন্য কারাবরণ করতেও প্রস্তুত।
যে ইকবাল বৃদ্ধ বয়সে ফিলিস্তিনের জন্য কারাবরণ করতে প্রস্তুত ছিলেন, আজ বাংলাদেশের তরুণরা সেই ইকবালের চিন্তাকেই একটি প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। এই বিষয়ে বাংলাদেশের সরকারকে আস্থায় নেওয়া উচিত। ফিকর-ই-ইকবাল (ইকবালের চিন্তা) কেবল পাকিস্তানেই নয়, বরং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক।
[পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরের লেখাটি উর্দু দৈনিক জং থেকে অনুবাদ করেছেন: জহির উদ্দিন বাবর]