Dhaka Mail Logo

জাতীয়

একাত্তর ও চব্বিশ: বদলেছে সময়, বদলায়নি সন্তান হারানোর বেদনা

আব্দুল হাকিম

২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

ছেলেকে শেষবারের মতো দেখতে রমনা থানায় গিয়েছিলেন মা সাফিয়া বেগম। দেখাও হয়েছিল। ছেলে মায়ের কাছে আবদার করেছিল, ‘মা, কদিন ভাত খাই না, ভীষণ ভাত খেতে ইচ্ছে করছে। আমার জন্য ভাত এনো।’

ছেলের আবদার রাখতে বাড়ি ফিরে ভাত রান্না করেছিলেন মা। টিফিন ক্যারিয়ারে ভরে সেই ভাত নিয়ে আবারও ছুটে গিয়েছিলেন থানায়। কিন্তু গিয়ে দেখেন, ছেলে আর সেখানে নেই। পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে গেছে তাকে। এরপর আর কোনো দিন ফিরে আসেননি শহীদ মাগফার উদ্দিন আহমেদ চৌধুরী আজাদ। ১৯৭১ সালের ২৯ আগস্ট দিবাগত রাতে ক্র্যাক প্লাটুনের কয়েকজন সহযোদ্ধাসহ নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

ছেলেকে হারানোর সেই শোক বয়ে বেড়িয়েছেন মা সাফিয়া বেগম। ছেলের জন্য রান্না করা ভাত আর খাওয়া হয়নি তার। সন্তানের স্মৃতি বুকে নিয়ে মৃত্যুর আগপর্যন্ত টানা ১৪ বছর আর ভাত খাননি তিনি।

আরও পড়ুন

‘জুলাই জাদুঘরে শহীদদের রক্তমাখা শার্ট, চিঠি-ব্যাগ প্রদর্শিত হয়নি’

সময় পেরিয়েছে চার যুগ। বদলেছে দেশের রাজনৈতিক বাস্তবতা, বদলেছে প্রজন্ম, বদলেছে সংগ্রামের প্রেক্ষাপট। কিন্তু সন্তান হারানো মায়ের শোকের ভাষা বদলায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর বংশাল এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারানো একমাত্র সন্তান ইয়াসিন আহমেদ রাজের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় মা সাহিদা বেগমকে। ছেলের মৃত্যুর পর থেকে নুডলস খেতে পারেন না তিনি। কারণ, মৃত্যুর দিন সকালে ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কাছে নুডলস খাওয়ার আবদার করেছিলেন রাজ। মা ছেলের সেই আবদার পূরণও করেছিলেন। কিন্তু আর কোনো দিন মায়ের হাতে রান্না করা নুডলস খেতে ফেরেননি সন্তান।

আজও থামেনি রাজের মায়ের কান্না। ছবি: ঢাকা মেইল
আজও থামেনি রাজের মায়ের কান্না। ছবি: ঢাকা মেইল

একজন মায়ের কাছে সন্তানের শেষ আবদার হয়ে আছে এক থালা ভাত, অন্যজনের কাছে এক বাটি নুডলস। মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশতাব্দীর বেশি সময়। একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তির সংগ্রাম আর চব্বিশে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান। দুই সময়ের সংগ্রাম আলাদা হলেও সন্তান হারানোর পর মায়েদের জীবনে তৈরি হয়েছে একই রকম শূন্যতা। সন্তানের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা, শেষ মুহূর্তের কথা মনে করে কেঁদে ওঠা আর প্রতিদিন নতুন করে সন্তানকে হারানোর যন্ত্রণা।

২০২৪ সালের ৫ আগস্ট। সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ। ছাত্র-জনতার মিছিলের স্রোতে নিজেকে আটকে রাখতে পারেননি ইয়াসিন আহমেদ রাজ। সকালে মায়ের হাতের নুডলস খেয়ে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। দুপুরে তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। দেশজুড়ে শুরু হয় বিজয় উদযাপন। তবে রাজধানীর বংশাল চৌরাস্তায় তখনও পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ চলছিল। চলছিল ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি।

আরও পড়ুন

এখনো বাবার ফেরার অপেক্ষায় দিন গুনছে শিশু সাজিদুল

রাত ১০টার দিকে রাজের চাচা তার মাকে ফোন করে জানান, পুলিশের গুলিতে আহত হয়েছেন রাজ। পরে সাধারণ মানুষ তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মা সাহিদা বেগম। সেখানে গিয়ে দেখেন, তার একমাত্র সন্তান আর বেঁচে নেই। যে ছেলে সকালে মায়ের কাছে নুডলস খাওয়ার আবদার করে ঘর থেকে বের হয়েছিল, সে আর কোনো দিন ফিরে আসবে না।

ছেলে হারানো অসংখ্য মায়ের গল্পটা একই। ছবি: ঢাকা মেইল
ছেলে হারানো অসংখ্য মায়ের গল্পটা একই। ছবি: ঢাকা মেইল

সন্তান হারানোর এমন গল্প শুধু আজাদ কিংবা রাজের মায়ের নয়। জুলাই গণঅভ্যুত্থানে সন্তান হারানো আরও অনেক মায়ের জীবনেই এখন স্মৃতি আর অপেক্ষার গল্প। তাদের আরেকজন শহীদ সোহেল রানার মা। ঘর থেকে বের হওয়ার আগে মাকে বলেছিলেন, ‘মা, একটা নতুন দৃশ্য আনতে যাচ্ছি। আর যদি ফিরে না আসি, মাফ করে দিও।’

সোহেল রানা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের পথে প্রাণ দিয়েছেন তিনি। দেশে পরিবর্তন এসেছে, কিন্তু মায়ের জীবনে ফেরেনি সন্তান। এখনো প্রতি বৃহস্পতিবার ছেলের কবরের কাছে যান তার মা। সন্তানের স্মৃতির কাছে ফিরে যাওয়াই যেন তার জীবনের নিয়মিত অংশ হয়ে উঠেছে।

আরও পড়ুন

হাসিনার পলায়নের দিনেও থামেনি পুলিশের গুলি, ঝরে শতাধিক প্রাণ

রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীতে এসে ছেলের স্মৃতিচারণ করেন শহীদ সোহেল রানার মা। ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন-২০২৬’ শীর্ষক এ প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৫৯০ জনের বেশি মানুষের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক।

জুলাই জাদুঘরে প্রতিদিনই ভিড় করছেন শহীদদের স্বজনরা। ছবি: ঢাকা মেইল
জুলাই জাদুঘরে প্রতিদিনই ভিড় করছেন শহীদদের স্বজনরা। ছবি: ঢাকা মেইল

কালো টেবিলের ওপর সাজিয়ে রাখা রক্তমাখা শার্ট, অসমাপ্ত ডায়েরির পাতা, ভাঙা চশমা, প্রিয়জনের শেষ চিঠি কিংবা ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীর সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। দর্শনার্থীদের কাছে এগুলো হয়তো কয়েকটি পুরোনো জিনিস। কিন্তু স্বজনদের কাছে প্রতিটি স্মারকই একেকটি মানুষের সঙ্গে জড়িয়ে থাকা জীবন্ত স্মৃতি। কোনোটি শেষ দিনের সাক্ষী, কোনোটি সন্তানের স্পর্শের স্মারক, আবার কোনোটি হারিয়ে যাওয়া একটি জীবনের গল্প।

আরও পড়ুন

‘আজ আমি ফিরব না’ বলেই বেরিয়েছিল মুনতাসির, ফিরল নিথর দেহে

গত শনিবার (২৮ নভেম্বর) প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।

প্রদর্শনীতে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল। স্বজনদের কাছে প্রদর্শনীর প্রতিটি নিদর্শন ছিল প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার একেকটি উপলক্ষ। আর নতুন প্রজন্মের দর্শনার্থীদের কাছে এসব স্মারক হয়ে উঠেছে গণঅভ্যুত্থানের সময়কার বাস্তবতার সাক্ষ্য।

জুলাই স্মৃতি জাদুঘরে দুই মাদরাসা শিক্ষার্থী। ছবি: ঢাকা মেইল
জুলাই স্মৃতি জাদুঘরে দুই মাদরাসা শিক্ষার্থী। ছবি: ঢাকা মেইল

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ গণমাধ্যমকে জানান, বর্তমানে জাদুঘরে ৫৯০ জন শহীদের স্মারক সংরক্ষিত রয়েছে। এর মধ্যে ২০৫ জন শহীদের ৫০০টির বেশি স্মারক জাদুঘরের গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। তবে সংগ্রহে থাকা সব নিদর্শন একসঙ্গে প্রদর্শনের সুযোগ নেই।

আরও পড়ুন

‘একটু পর তো মইরা যাবি, পানি খাইয়া আর কী করবি?’

মহাপরিচালক বলেন, শহীদদের ব্যবহৃত প্রায় দেড় হাজার থেকে ১ হাজার ৮০০টি স্মৃতিস্মারক জাদুঘরে রয়েছে। জায়গার সংকুলান না হওয়ায় সব নিদর্শন প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন প্রদর্শনী এবং জাদুঘরের গ্যালারিতে পর্যায়ক্রমে সংগৃহীত স্মারকগুলো দেখানোর পরিকল্পনা রয়েছে।

এএইচ/জেবি